রাফিদুল ইসলাম, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানের লক্ষ্যে অংশগ্রহণমূলক গ্রামীণ মূল্যায়ন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর ২০২৬) বাদ মাগরিব নগর উন্নয়ন অধিদপ্তর, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে জিওমার্ক লিমিটেডের আয়োজনে জামায়াতে ইসলামী সীতাকুণ্ড উপজেলার সাবেক আমীর মাওলানা তাওহীদুল হক চৌধুরীর কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ৭ নম্বর ওয়ার্ডের মুসলিম, হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ ও সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। এ সময় স্থানীয় বাসিন্দারা ওয়ার্ডের বিভিন্ন সমস্যা ও নাগরিক ভোগান্তির বিষয়গুলো তুলে ধরেন এবং এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সরকারের কার্যকর উদ্যোগ কামনা করেন।
আলোচনায় মাওলানা তাওহীদুল হক চৌধুরী ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা তুলে ধরেন। এর মধ্যে রয়েছে গভীর নলকূপ স্থাপনের মাধ্যমে নিরাপদ পানির ব্যবস্থা, ভাঙাচোরা রাস্তার উন্নয়ন, খালের জলাবদ্ধতা নিরসন, নামার বাজার সড়কের যানজট নিরসন এবং গুরুত্বপূর্ণ সড়কে স্পিড ব্রেকার স্থাপন।
তিনি বলেন, এসব সমস্যা দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে রাস্তার বেহাল অবস্থা, জলাবদ্ধতা ও যানজটের কারণে সাধারণ মানুষকে প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে।
তিনি আরও অভিযোগ করেন, এসব সমস্যা সমাধানের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবহিত করা হয়েছিল। সে সময় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা নিজেদের এলাকার সমস্যা ও প্রয়োজনীয় উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে বলেন, স্থানীয় জনগণের মতামত ও বাস্তব সমস্যাকে গুরুত্ব দিয়ে পরিকল্পনা গ্রহণ এবং দ্রুত বাস্তবায়ন করা হলে এলাকার সার্বিক উন্নয়ন সম্ভব হবে।
এ সময় অংশগ্রহণকারীরা ৭ নম্বর ওয়ার্ডের নাগরিক সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।