জোরারগঞ্জ থানার অভিযানে ১২০০ পিস ইয়াবা ও চোলাইমদসহ গ্রেপ্তার ৮

নিজস্ব প্রতিবেদক, জোরারগঞ্জ (চট্টগ্রাম): চট্টগ্রামের জোরারগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ১২০০ পিস ইয়াবা ট্যাবলেট, ২০ লিটার দেশীয় তৈরি চোলাইমদ এবং অনলাইন জুয়ার সরঞ্জামসহ বিভিন্ন মামলায় ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমের নেতৃত্বে পরিচালিত পৃথক অভিযানে এসব আসামি গ্রেপ্তার হন।

১. মাদক উদ্ধার ও মামলা:

গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট পৌরসভার ২নং ওয়ার্ডের উত্তর সোনাপাহাড় (বাইতুল রহমান জামে মসজিদ সংলগ্ন) এলাকায় অভিযান চালিয়ে ১২০০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং-২০, তারিখ: ১৫/১১/২০২৬) রুজু করা হয়েছে।

২. চোলাইমদ উদ্ধার:

ওসি মোহাম্মদ আব্দুল হালিমের নির্দেশনায় এসআই (নি:) কামরুল হাসান ও সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে ২০ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ পেংকু ত্রিপুরাকে (৩২) গ্রেপ্তার করেন। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং-১৯, তারিখ: ১৪/১১/২০২৬) দায়ের করা হয়েছে।

৩. অনলাইন জুয়া মামলার আসামি গ্রেপ্তার:

এসআই (নি:) আব্দুল আলীম ও সঙ্গীয় ফোর্স গত ১৫ নভেম্বর রাতে বারইয়ারহাট পৌরসভা এলাকার গোল্ডেন টাওয়ার সংলগ্ন গলি থেকে অনলাইনে জুয়া খেলার সময় মো. শাহজালাল প্রকাশ সাগরকে (৩১) গ্রেপ্তার করেন। এ ঘটনায় জুয়া প্রতিরোধ আইনে মামলা (নং-২১, তারিখ: ১৫/১১/২০২৬) রুজু করা হয়।

৪. রাজনৈতিক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার:

এসআই (নি:) মতিউর রহমান করেরহাট এলাকায় অভিযান চালিয়ে পূর্বের একটি রাজনৈতিক মামলার (মামলা নং-১২, তাং- ১৮/১০/২০২৪ খ্রিঃ) তদন্তে প্রকাশিত আসামি এমদাদুল হক হৃদয়কে (২৮) গ্রেপ্তার করেন।

৫. চুরির মামলার আসামি গ্রেপ্তার:

এসআই (নি:) আব্দুল্লাহ আল মাসুদ ও সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে পূর্বের চুরির মামলায় জড়িত মনির আহাম্মদ মামুনকে (৪৩) চট্টগ্রামের হালিশহর থেকে গত ১৪ নভেম্বর গ্রেপ্তার করেন। পরবর্তীতে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ময়মনসিংহের ভালুকা এলাকা থেকে মামলার অপর আসামি তারিকুল ইসলাম ইমরানকে (৩২) ১৫ নভেম্বর গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য আলামতসহ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ দমনে জোরারগঞ্জ থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *