মোঃ রাকিব সিকদার, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটি থানায় দায়ের হওয়া চাঞ্চল্যকর ও ক্লুলেস হত্যা মামলার তদন্তে প্রাপ্ত প্রধান অভিযুক্ত মো. হাসান হাওলাদারকে (২৮) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮, বরিশাল।
গত ১৫ নভেম্বর ২০২৬ খ্রিটতারিখ এসআরবি-৮ এর সিপিএসসি ও সদর কোম্পানির একটি যৌথ আভিযানিক দল বরিশাল কোতোয়ালি মডেল থানাধীন কাউনিয়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত হাসান হাওলাদার বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার বিরঙ্গল গ্রামের মো. মন্নান হাওলাদারের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত মোসা. সুখি বেগমের (৪৫) স্বামী মো. মনির হাওলাদার দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় মাংসের ব্যবসা করতেন। গত ২৬ সেপ্টেম্বর ২০২৫ খ্রিটতারিখ রাত আনুমানিক ৪টা থেকে সকাল সাড়ে ৯টার মধ্যে যেকোনো সময়ে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা ভিকটিমের বসতঘরে সিঁধ কেটে প্রবেশ করে। এ সময় ওয়ারড্রবের ড্রয়ারে থাকা মাংস ব্যবসার ৫ লক্ষ ৮০ হাজার টাকা চুরির সময় ভিকটিম তাদের চিনে ফেলেন। পরে দুষ্কৃতকারীরা ভিকটিমের গলায় মোবাইল চার্জারের তার পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা নিশ্চিত করে এবং টাকা নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে ঝালকাঠির নলছিটি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা মূল রহস্য উদঘাটন ও তদন্তে প্রাপ্ত প্রধান অভিযুক্ত মো. হাসান হাওলাদারকে গ্রেপ্তারের জন্য এসআরবি-৮, বরিশালের অধিনায়কের নিকট অধিযাচনপত্র প্রেরণ করেন। এরই ধারাবাহিকতায় এসআরবি-৮ এর যৌথ দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঝালকাঠির নলছিটি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।