নওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলায় প্রথমবারের মতো চালু হয়েছে আধুনিক ‘ই-ট্রাফিক প্রসিকিউশন সিস্টেম’। এর ফলে জেলার ট্রাফিক ব্যবস্থাপনা যেমন ডিজিটালাইজড হলো, তেমনি সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তিও লাঘব হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সড়ক পরিবহন আইন অনুযায়ী ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে এতদিন সনাতন পদ্ধতিতে মামলা ও জরিমানা আদায় করা হতো। পূর্বে জরিমানা পরিশোধের প্রক্রিয়াটি বেশ সময়সাপেক্ষ ও জটিল ছিল; কারণ চালকদের নির্দিষ্ট স্থানে গিয়ে শুধু ইউসিবি (UCB) ব্যাংকের বুথের মাধ্যমে জরিমানা দিতে হতো এবং জরিমানার টাকা পরিশোধ না হওয়া পর্যন্ত চালকের বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্র জব্দ রাখা হতো।
তবে নতুন এই ই-ট্রাফিক প্রসিকিউশন সিস্টেম চালুর ফলে সেই ভোগান্তির অবসান ঘটছে। এখন থেকে নওগাঁ জেলার যেকোনো স্থানে ট্রাফিক পুলিশ মামলা বা জরিমানা করলে, চালকরা তাৎক্ষণিকভাবে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, বিকাশ বা যেকোনো অনলাইন ফিনান্সিয়াল সার্ভিসের (MFS) মাধ্যমে কমিউনিটি ব্যাংকের চ্যানেল ব্যবহার করে ঘটনাস্থলেই জরিমানা পরিশোধ করতে পারবেন। তাৎক্ষণিকভাবে জরিমানা পরিশোধ করায় চালকদের কোনো কাগজপত্র জব্দ করা হবে না এবং বাড়তি কোনো ঝক্কি পোহাতে হবে না।
কর্তৃপক্ষ জানিয়েছে, এই সিস্টেমে কোনো প্রকার সরাসরি নগদ লেনদেনের সুযোগ রাখা হয়নি। তবে নতুন এই ডিজিটাল ব্যবস্থার পাশাপাশি আগের পদ্ধতিটিও চালু থাকবে।
এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “ট্রাফিক পুলিশের ই-প্রসিকিউশনের এই নতুন পদ্ধতি জরিমানা প্রদানে সাধারণ জনগণের ভোগান্তি অনেকাংশে লাঘব করবে। এর মাধ্যমে প্রথমবারের মতো জেলার ট্রাফিক প্রসিকিউশন ব্যবস্থাপনা সম্পূর্ণ আধুনিকায়ন হলো।”