মোঃ আঃ রহমান (রানা) স্টাফ রিপোর্টার: নওগাঁর মহাদেবপুরে যুবদলের এক বহিষ্কৃত নেতার মাদকের আসর থেকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতাসহ তিনজনকে আটক করেছে থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) বসিয়ে তাদের প্রত্যেককে ১১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে জরিমানা করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরের দিকে মোবাইল কোর্টের বিচারক, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুন নাঈম বিনতে আজিজ এই রায় প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—উপজেলা সদরের গার্লস স্কুলপাড়ার মৃত প্রদীপ কুমার দেবের ছেলে ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তনু কুমার দেব (২৮), সদর ইউনিয়নের দক্ষিণ হোসেনপুর বোয়ালমারি মোড়ের মৃত আবুল কালামের ছেলে ও উপজেলা যুবদলের বহিষ্কৃত নেতা রুহুল আমিন (৩৩) এবং তাদের সহযোগী ফাজিলপুর গ্রামের মজিবর রহমানের ছেলে নাসির উদ্দিন (৫৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বেলা ১১টার দিকে মহাদেবপুর থানার এসআই শফিউল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল বহিষ্কৃত যুবদল নেতা রুহুল আমিনের বাড়ি সংলগ্ন বয়লারে অভিযান চালায়। এ সময় মাদক সেবনরত অবস্থায় ওই তিনজনকে আটক করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হয়।
মোবাইল কোর্ট সূত্র জানায়, বিচারক জান্নাতুন নাঈম বিনতে আজিজ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী দোষীদের প্রত্যেককে ১১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করেন।
এ বিষয়ে মহাদেবপুর থানার এসআই শফিউল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে দণ্ডপ্রাপ্তদের নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে। তবে আটককৃত ছাত্রলীগ সাধারণ সম্পাদক তনু কুমার দেবকে গত ১৬ জুনের একটি নাশকতা মামলায়ও গ্রেপ্তার দেখানো হয়েছে।
মাদকের আসর থেকে আটকের বিষয়টি নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক বলেন, ভ্রাম্যমাণ আদালতের রায়ের পর তাদের কারাগারে পাঠানো হয়েছে।
এছাড়া ছাত্রলীগ নেতা তনু কুমার দেবের বিরুদ্ধে পরবর্তীতে আরও একটি প্রতিবেদন পাঠানো হবে।