আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি: ভোরের আলো তখনো পুরোপুরি ফোটেনি। চারদিকে নীরব পরিবেশ, নদীর বুকে অথই পানি। সেই পানিতে কোমরসমান দাঁড়িয়ে হাতে পূজার ডালা নিয়ে সূর্যোদয়ের অপেক্ষায় পুণ্যার্থীরা। ডালায় সাজানো ফলমূল, ঠেকুয়া, দুধ, ফুল ও প্রদীপ। সূর্যের প্রথম আলো না দেখা দিতেই নদীর বুকে শুরু হয় সূর্যদেবের আরাধনা। এমন ধর্মীয় আবহে জয়পুরহাটের আক্কেলপুরে তুলশী গঙ্গা নদীর তীরে উদযাপিত হয়েছে হিন্দু সম্প্রদায়ের প্রাচীন ধর্মীয় উৎসব সূর্য বা ছট পূজা।
সোমবার (১৬ নভেম্বর) সকালে আক্কেলপুর পৌর শহরের কাঁচাবাজার ব্রিজের পূর্ব পাশে তুলশী গঙ্গা নদীর তীরে এ পূজা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে পুণ্যার্থীদের পদচারণায় নদীর তীর মুখর হয়ে ওঠে। নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতিতে সেখানে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। পূজা দেখতে নদীর দুই পাড় ও ব্রিজের ওপর ভিড় করেন হাজারো দর্শনার্থী।
হিন্দু বর্ষপঞ্জির কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠী ও সপ্তমী তিথিতে সাধারণত ছট পূজা উদযাপিত হয়। এ পূজায় ব্রত পালনকারীরা প্রায় ৩৬ঘণ্টা উপবাস থেকে সূর্যাস্ত ও সূর্যোদয়ের সময় নদী বা জলাশয়ে দাঁড়িয়ে সূর্যদেবের উদ্দেশে অর্ঘ্য নিবেদন করেন। সন্তান ও পরিবারের মঙ্গল, সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনায় তাঁরা এ ব্রত পালন করেন।
এর আগে রোববার (১৫ নভেম্বর) বিকেলে উপবাসী পুণ্যার্থীরা নদীতে নেমে অস্তগামী সূর্যকে দুধ ও জল দিয়ে অর্ঘ্য নিবেদন করেন। পরে প্রার্থনা শেষে স্নান করে বাড়ি ফিরে যান। সোমবার ভোরে আবারও নদীর তীরে সমবেত হন তাঁরা। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ফলমূল, ঠেকুয়া, দুধ, ফুল, জল ও প্রদীপ দিয়ে সূর্যদেবের পূজা-অর্চনা করেন। এর মধ্য দিয়ে দুই দিনব্যাপী এ পূজার আনুষ্ঠানিকতা শেষ হয়।
আয়োজক কমিটির সদস্যরা জানান, ছট পূজা মূলত ভারতের বিহার, ঝাড়খণ্ডসহ বিভিন্ন অঞ্চলে ব্যাপকভাবে প্রচলিত। আক্কেলপুরেও দীর্ঘদিন ধরে তুলশী গঙ্গা নদীর তীরে এ পূজা হয়ে আসছে। তবে পুণ্যার্থী ও ভক্তদের নদীর পাড়ে যাতায়াতের জন্য ভালো রাস্তা না থাকায় তাঁদের বেশ দুর্ভোগ পোহাতে হয়। তাঁরা নদীর পাড়ে যাতায়াতের উপযোগী রাস্তা নির্মাণের দাবি জানান।
পূজার তাৎপর্য তুলে ধরে ঋষি কুমার বলেন, প্রভু রাম বনবাস শেষে অযোধ্যায় ফিরে এলে মা সীতা তাঁর দীর্ঘায়ু কামনায় এ ব্রত পালন করেছিলেন বলে প্রচলিত রয়েছে। সেই ধারাবাহিকতায় সনাতন ধর্মাবলম্বী মায়েরা সন্তানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় ছট মাতার উদ্দেশে এ ব্রত পালন করেন।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আক্কেলপুর উপজেলা শাখার সভাপতি ওমপ্রকাশ আগরওয়ালা বলেন, যুগ যুগ ধরে পরম্পরায় এ পূজা হয়ে আসছে। তুলশী গঙ্গা নদীর তীরে হরিজন, রবিদাস, রজক ও মারওয়ারিসহ বিভিন্ন সম্প্রদায়ের সনাতন ধর্মাবলম্বীরা ছট মাতার কাছে তাঁদের মনোবাসনা পূরণের আশায় বিশ্ব শান্তিকল্পে প্রার্থনা করেন। এ ব্রত পালনে উপবাসীরা প্রায় ৩৬ ঘণ্টা উপবাস থাকেন।