মানবসেবার অঙ্গীকারে দিনাজপুর লায়ন্স ক্লাবের ৫০তম অভিষেক

ফিরোজ সরকার,দিনাজপুর প্রতিনিধি :  বর্ণাঢ্য আয়োজন, আনুষ্ঠানিক শপথ গ্রহণ ও নেতৃত্বের দায়িত্ব হস্তান্তরের মধ্য দিয়ে দিনাজপুর লায়ন্স ক্লাবের ৫০তম অভিষেক অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মানবসেবা, শিক্ষা বিস্তার, স্বাস্থ্যসেবা এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় নিয়ে নতুন নেতৃত্ব দায়িত্ব সন্ধ্যায় দিনাজপুর শহরের নিমনগর বাসস্ট্যান্ড-সংলগ্ন লায়ন্স ভবনে আয়োজিত অনুষ্ঠানে নবনির্বাচিত প্রেসিডেন্ট, সেক্রেটারিসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন।

দিনাজপুর লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট লায়ন মোঃ সাইদুর রহমান মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫-এ২-এর জেলা গভর্নর লায়ন মহসীন ইমাম চৌধুরী, পিএমজেএফ। বিশেষ অতিথি ছিলেন আইপিডিজি লায়ন শংকর কুমার রায় মনা, এমজেএফ।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেবিনেট সেক্রেটারি লায়ন অ্যাডভোকেট মোঃ এনাযেত উল্লাহ শফিক, কেবিনেট ট্রেজারার লায়ন খাদিজা বিনতে মনির তিয়াশা, ২০২৭ সেশনের কনভেনশন চেয়ারপারসন ড. উম্মে তাজ লাভলী, রিজিয়ন-১২-এর রিজিয়ন চেয়ারপারসন (ক্লাবস) লায়ন কোহিনুর বেগ এবং রংপুর-দিনাজপুর জোনের কো-অর্ডিনেটর বানিউল আলম বাবু। অনুষ্ঠানে বক্তব্য দেন ডিরেক্টর লায়ন রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম। স্বাগত বক্তব্য দেন ক্লাবের সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট লায়ন মোঃ শাহ আলম।

প্রধান অতিথির বক্তব্যে জেলা গভর্নর লায়ন মহসীন ইমাম চৌধুরী বলেন, লায়ন্সের মূল শক্তি হচ্ছে মানবসেবা ও মানুষের প্রতি দায়িত্ববোধ। সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোই এ সংগঠনের অন্যতম লক্ষ্য। একটি সংগঠনের সফলতা শুধু আনুষ্ঠানিকতা কিংবা নেতৃত্ব পরিবর্তনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারার মধ্যেই এর প্রকৃত সার্থকতা।

তিনি নতুন নেতৃত্বকে ঐক্য, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে সেবামূলক কার্যক্রম আরও সম্প্রসারণের আহ্বান জানান।
অনুষ্ঠানের শুরুতে শিশু নিকেতনের নিবাসী মেয়েরা ফুল দিয়ে অতিথিদের বরণ করে নেয়। পরে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মোঃ সাব্বির আহমেদ। জাতীয় সংগীত পরিবেশনের সময় উপস্থিত সবাই দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেন। এরপর ক্লাব সেক্রেটারি লায়ন মোঃ সাইদুর রহমান সরকার আনুগত্যের শপথবাক্য পাঠ করান।

অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ পর্বে প্রধান অতিথি জেলা গভর্নর নবনির্বাচিত প্রেসিডেন্ট, সেক্রেটারিসহ কার্যনির্বাহী কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান। পরে সাবেক প্রেসিডেন্ট এম এ খালেক আনুষ্ঠানিকভাবে গ্যাভেল (সভা পরিচালনার প্রতীকী হাতুড়ি) হস্তান্তরের মাধ্যমে নবনির্বাচিত প্রেসিডেন্ট লায়ন মোঃ সাইদুর রহমান মণ্ডলের কাছে ক্লাবের নেতৃত্বের দায়িত্ব অর্পণ করেন।

নবনির্বাচিত প্রেসিডেন্ট লায়ন মোঃ সাইদুর রহমান মণ্ডল তাঁর বক্তব্যে বলেন, দিনাজপুর লায়ন্স ক্লাবের ৫০তম অভিষেক গৌরবের পাশাপাশি গুরুত্বপূর্ণ দায়িত্বের একটি অধ্যায়। ক্লাবের দীর্ঘদিনের মানবিক ও সমাজসেবামূলক ঐতিহ্যকে ধারণ করে নতুন কার্যনির্বাহী কমিটি সম্মিলিতভাবে কাজ করতে চায়।

তিনি বলেন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, এতিম শিশুদের কল্যাণ, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় সহযোগিতা এবং সমাজের মানুষের কল্যাণে বাস্তবভিত্তিক উদ্যোগ গ্রহণ নতুন কমিটির অগ্রাধিকার হবে। সবার সহযোগিতা, পরামর্শ ও আন্তরিক অংশগ্রহণে দিনাজপুর লায়ন্স ক্লাবের সেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত করতে চাই।

তিনি আরও বলেন, এমন একটি মানবিক সমাজ গঠনে ভূমিকা রাখতে চান, যেখানে সামর্থ্যবান মানুষ অসহায় মানুষের পাশে দাঁড়াবে এবং মানবিক মূল্যবোধ সর্বোচ্চ গুরুত্ব পাবে। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে সম্মিলিতভাবে কাজ করাই হবে তাঁদের অঙ্গীকার।
অনুষ্ঠানে দিনাজপুর লায়ন্স ক্লাবের প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনের অগ্রযাত্রা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে অবদান রাখা ব্যক্তিদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। একই সঙ্গে লায়ন্স জেলা ৩১৫-এ২ পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

নবগঠিত কার্যনির্বাহী কমিটিতে দায়িত্ব পেয়েছেন—
প্রেসিডেন্ট: লায়ন মোঃ সাইদুর রহমান মণ্ডল।

ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট: লায়ন মিজানুর রহমান পাটোয়ারী।
সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট: লায়ন আলহাজ মোঃ শাহ আলম।
থার্ড ভাইস প্রেসিডেন্ট: মোঃ মোকাররম হোসেন।
সেক্রেটারি: লায়ন মোঃ সাইদুর রহমান সরকার।
জয়েন্ট সেক্রেটারি: লায়ন মঞ্জুর-এ-রাব্বী।

টেইল টুইস্টার: লায়ন ডা. শাহ মোঃ আব্দুল মতিন।
কার্যনির্বাহী কমিটির ডিরেক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন:** লায়ন মোঃ মোকাররম হোসেন খান, লায়ন সৈয়দ মিজানুর রহমান মুন্না, লায়ন মোঃ সাইদুর রহমান, লায়ন এম এ খালেক এবং লায়ন বাদশা ইমাম আরাফাত।
উল্লেখ্য, লায়ন্স ক্লাব অব দিনাজপুর লায়ন্স জেলা ৩১৫-এ২-এর একটি সমাজসেবামূলক সংগঠন। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি মানবিক ও কল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

প্রাপ্ত তথ্যমতে, ১৯৭৯ সাল থেকে ক্লাবটি প্রায় শতাধিক এতিম মেয়েকে পিতৃস্নেহে লালন-পালন ও পরিচর্যার মাধ্যমে তাদের শিক্ষা, বেড়ে ওঠা এবং সমাজে সম্মানজনকভাবে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ সৃষ্টিতে ভূমিকা রেখে আসছে। দীর্ঘদিনের এ মানবিক উদ্যোগ দিনাজপুর লায়ন্স ক্লাবের সমাজসেবামূলক কর্মকাণ্ডের একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *