রাফিদুল ইসলাম, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: সীতাকুণ্ড জান্নাতুল বানাত মাদ্রাসার উদ্যোগে হিফজুল কোরআন অ্যাওয়ার্ড ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় সীতাকুণ্ড জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে কোরআন হিফজ সম্পন্নকারী ও মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী স্কলার এম হাসিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী সীতাকুণ্ড উপজেলা সাবেক আমীর মাওলানা তাওহীদুল হক চৌধুরী, আলিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা নুরুননবী, একেএম ফজলুল হক ও আবদুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, এম তারেক হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন হাফেজ মোসারফ হোসেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের কোরআন হিফজ, অধ্যবসায় ও মেধার স্বীকৃতিস্বরূপ আবদুল্লাহ, জাবিন, মুবাশ্বির, জুবায়ের, উসমান, ইমতিয়াজ, ওয়াসিক ও জান্নাতুল মাওয়াসহ মোট আটজন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।
বক্তারা বলেন, পবিত্র কোরআন হিফজ করা মহান আল্লাহর বিশেষ নিয়ামত। কোরআনের শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজকে নৈতিকতা, আদর্শ ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করে। শিক্ষার্থীদের কোরআন শিক্ষায় উদ্বুদ্ধ করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি অভিভাবকদের সন্তানদের ধর্মীয় ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।