জয়নাল আবেদীন রাজু, বরগুনা জেলা প্রতিনিধি : প্রায় ৩ একর খাসজমি পরিদর্শন, বাস্তবায়িত হলে কৃষকদের সার সংগ্রহে কমবে ভোগান্তি ও পরিবহন ব্যয়
বরগুনা জেলায় কৃষকদের সার সংরক্ষণ ও সরবরাহব্যবস্থা সহজতর করতে বাফার গুদাম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ৩৪টি বাফার গুদাম নির্মাণ প্রকল্পের আওতায় বরগুনায় প্রস্তাবিত জমির উপযুক্ততা যাচাই করতে সরেজমিনে পরিদর্শন করেছেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) যুগ্মসচিব কামরুজ্জামানসহ সংশ্লিষ্ট প্রতিনিধিদল।
গত ২১ নভেম্বর ২০২৬ (শনিবার) বিসিআইসির যুগ্মসচিব কামরুজ্জামান তিনজন সফরসঙ্গীসহ বরগুনা জেলা সফর করেন। এ সময় শিল্প মন্ত্রণালয়ের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
সফরকালে প্রতিনিধিদলটি বরগুনা সদর উপজেলায় বিসিক শিল্পনগরী সংলগ্ন প্রায় ৩ একর খাসজমি সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় প্রস্তাবিত জমিটির ভৌগোলিক অবস্থান, যোগাযোগব্যবস্থা এবং বাফার গুদাম নির্মাণের জন্য সার্বিক উপযোগিতা যাচাই করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বরগুনা জেলায় বর্তমানে কোনো বাফার গুদাম না থাকায় কৃষকদের সার সংগ্রহের ক্ষেত্রে পার্শ্ববর্তী ভোলা জেলার ওপর নির্ভর করতে হয়। এতে একদিকে যেমন সময়ের অপচয় হচ্ছে, অন্যদিকে সার পরিবহনে অতিরিক্ত ব্যয় বহন করতে হচ্ছে কৃষক ও সংশ্লিষ্ট সরবরাহকারীদের।
বরগুনায় প্রস্তাবিত বাফার গুদামটি নির্মিত হলে জেলার সার সংরক্ষণ ও সরবরাহব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে। ভোলা জেলা থেকে সার সংগ্রহের ভোগান্তি ও পরিবহন ব্যয় কমার পাশাপাশি কৃষকদের কাছে প্রয়োজনীয় সার সময়মতো পৌঁছে দেওয়া সহজ হবে।
এতে কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষকদের স্বার্থ সংরক্ষণ এবং জেলার খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।