মোঃ আঃ রহমান (রানা) স্টাফ রিপোর্টার : নওগাঁর মহাদেবপুরে আসাদুজ্জামান আসাদ (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ফোনে সাড়া দিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ ছিলেন তিনি।
বুধবার সকালে উপজেলার সাতগ্রাম খাঁড়ির পাড়ে একটি গাছে তার মরদেহ দেখতে পান স্থানীয়রা।
নিহত আসাদুজ্জামান আসাদ মহাদেবপুর উপজেলার রাইগাঁ ইউনিয়নের বৌহুতি গ্রামের আছির কবিরাজের ছেলে। তিনি স্ত্রী ও এক কন্যাসন্তানের জনক।
স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক ৮টার দিকে মুঠোফোনে একটি কল পেয়ে বাড়ি থেকে বের হন আসাদ। গভীর রাত পর্যন্ত তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা বারবার তার ফোনে যোগাযোগের চেষ্টা করেও সেটি বন্ধ পান। সারারাত উৎকণ্ঠার পর বুধবার সকালে সাতগ্রাম খাঁড়ির পাড়ে একটি গাছে আসাদের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান এলাকাবাসী। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে ছুটে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। স্ত্রী ও অবুঝ শিশুকন্যার আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে।
নিহতের বাবা আছির কবিরাজের দাবি, তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যার পর এখানে এনে রাখা হয়েছে। তবে কারা বা কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কিছু জানাতে পারেননি তিনি।
খবর পেয়ে মহাদেবপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এ বিষয়ে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক জানান, প্রাথমিক আলামত দেখে ধারণা করা হচ্ছে, অন্য কোথাও হত্যার পর মরদেহটি এখানে এনে রাখা হতে পারে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং পুলিশি তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে বিস্তারিত জানা যাবে।