অনলাইন ডেস্ক : বিশিষ্ট সাহাবি হজরত আবু হুরায়রা (রা.)-থেকে বর্ণিত, একবার রাসুলুল্লাহ (সা.) সাহাবিদের জিজ্ঞাসা করলেন, ‘তোমরা কি জানো, নিঃস্ব কে?’ সাহাবিরা বললেন, আমাদের মধ্যে নিঃস্ব সেই ব্যক্তি, যার কোনো দিরহাম ও সম্পদ নেই।
তখন তিনি বললেন, ‘আমার উম্মতের মধ্যে প্রকৃত নিঃস্ব সেই ব্যক্তি, যে কিয়ামতের দিন নামাজ, রোজা ও জাকাত নিয়ে উপস্থিত হবে।
কিন্তু সে কাউকে গালি দিয়েছে, কারও বিরুদ্ধে অপবাদ দিয়েছে, কারও সম্পদ আত্মসাৎ করেছে, কারও রক্তপাত করেছে কিংবা কাউকে প্রহার করেছে। ফলে তার নেক আমল থেকে এসব মানুষের হক আদায় করা হবে।
নেক আমল শেষ হয়ে গেলে তাদের পাপ তার ওপর চাপিয়ে দেওয়া হবে। অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে।
(সহিহ মুসলিম, হাদিস : ২৫৮১)