অনলাইন ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গত ২৩ দিনে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ৯৯টি যানবাহনে অগ্নিসংযোগ করেছেন। একই সময়ে পুলিশের স্থাপনাসহ বিভিন্ন এলাকায় ১২১টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশ সদর দপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।
পুলিশের প্রতিবেদন অনুযায়ী, চলতি নভেম্বরের প্রথম ২৩ দিনে সারা দেশে ককটেল ও বোমা বিস্ফোরণ এবং যানবাহনে আগুন দেওয়ার ২১৩টি ঘটনার তথ্য পেয়েছে পুলিশ। এসব ঘটনায় একজন নিহত ও ১১ জন আহত হয়েছেন। দেশজুড়ে এসব নাশকতার ঘটনায় ৬২টি মামলা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মীকে।
একই সময়ে রাজধানী ঢাকা, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ৭২টি ঝটিকা মিছিল করেছেন। এসব ঘটনায় ২২টি মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া পাঁচটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে এবং গ্রেপ্তার হয়েছেন ৬৬ জন।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ডাকা লকডাউনসহ বিভিন্ন কর্মসূচিতে পুলিশ সদস্য ও পুলিশের স্থাপনাগুলোকে অন্যতম লক্ষ্যবস্তু করা হয়। একই সঙ্গে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নোবেলজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকও এসব কর্মসূচির লক্ষ্য ছিল।
পুলিশের পরিসংখ্যানে দেখা গেছে, সিআইডির প্রধান কার্যালয়, পল্লবী থানা ও টুঙ্গিপাড়া থানাসহ পুলিশের বিভিন্ন স্থাপনায় হামলা, যানবাহনে অগ্নিসংযোগ এবং ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এসব হামলায় পুলিশের ২১ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় একটি মামলা হয়েছে এবং চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া দেশের বিভিন্ন এলাকায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে ককটেল ও বোমা বিস্ফোরণ এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত ২৩ দিনে এ ধরনের ৩৪টি ঘটনার তথ্য প্রতিবেদনে উল্লেখ করেছে পুলিশ। এসব ঘটনায় কেউ হতাহত হননি। গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে হামলা ও নাশকতার ঘটনায় বিভিন্ন থানায় আটটি মামলা এবং ১৯টি সাধারণ ডায়েরি হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে আটজনকে।
অন্যদিকে, দেশের বিভিন্ন স্থানে জুলাই যোদ্ধাদের স্মরণে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে হামলা ও অগ্নিসংযোগের দুটি ঘটনার তথ্যও প্রতিবেদনে উঠে এসেছে। এসব ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়েছে এবং ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।