বোরহানউদ্দিনে মা ইলিশ রক্ষায় নৌ পুলিশের অভিযান, জাল ধ্বংস 

বোরহানউদ্দি প্রতিনিধি: জাতীয় সম্পদ ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে ভোলার বোরহানউদ্দিনে মেঘনা নদীতে কঠোর অভিযান পরিচালনা করেছে হাকিমুদ্দিন নৌ পুলিশ। অভিযানের সময় জব্দকৃত অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং উদ্ধার করা মা ইলিশ স্থানীয় অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) গভীর রাতে হাকিমুদ্দিন নৌ পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সনাতন চন্দ্র সরকারের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে এ টহল অভিযান চালায়।

পুলিশ সূত্রে জানা গেছে, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে একশ্রেণীর অসাধু জেলে নদীতে ইলিশ শিকারের অপচেষ্টা চালাচ্ছিল। নৌ পুলিশের উপস্থিতি টের পেয়ে জেলেরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে তাদের ফেলে যাওয়া বিপুল পরিমাণ অবৈধ জাল ও প্রজননক্ষম মা ইলিশ জব্দ করা হয়। পরবর্তীতে জব্দ করা জাল নদীর তীরে এনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং মা ইলিশগুলো স্থানীয় এতিম ও দুস্থদের মধ্যে বিলিয়ে দেওয়া হয়।

অভিযানের বিষয়ে হাকিমুদ্দিন নৌ পুলিশ ফাঁড়ির কর্মকর্তা সনাতন চন্দ্র সরকার বলেন, “মা ইলিশের নিরাপদ প্রজনন ও বংশবিস্তার নিশ্চিত করতে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা চলাকালে মেঘনা নদীতে কাউকেই অবৈধভাবে মাছ ধরতে দেওয়া হবে না। জাতীয় স্বার্থে আমাদের এ ধরনের অভিযান দিন-রাত অব্যাহত থাকবে।”

এদিকে জাতীয় সম্পদ রক্ষা ও নৌ পুলিশের এমন তাৎক্ষণিক ও কঠোর পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এলাকার সচেতন নাগরিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *