বোরহানউদ্দিনে হাফিজ ইব্রাহিমের নির্দেশে পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা কাজল হাওলাদার।

মহসিন হাওলাদার, বোরহানউদ্দিন (ভোলা): শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন স্থানীয় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী কাজল হাওলাদার।

ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের নির্দেশনায় তিনি এ পরিদর্শন কর্মসূচিতে অংশ নেন। পরিদর্শনকালে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার সার্বিক পরিবেশ ও নিরাপত্তার খোঁজখবর নেন।

পূজামণ্ডপ পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টবগী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামাল হাওলাদার, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি খোকন হাওলাদার, যুবদলের সাধারণ সম্পাদক আওলাদ হাওলাদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক ফরাজী, সহ-সাধারণ সম্পাদক হুমায়ুন, সাংগঠনিক সম্পাদক মাসুম শেজওয়াল, শ্রমিক দলের সাধারণ সম্পাদক আলমগীর, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রেদোয়ান মীর, ছাত্রদলের সাধারণ সম্পাদক মঞ্জু মাল ও সাংগঠনিক সম্পাদক শামীম হাজীসহ বিএনপি এবং এর অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা।

স্থানীয় রাজনৈতিক অঙ্গনে কাজল হাওলাদার টবগী ইউনিয়ন বিএনপির একজন পরীক্ষিত ও সক্রিয় নেতা হিসেবে পরিচিত। দলীয় নেতাকর্মীদের মতে, বিগত সরকারের আমলে মামলা, হামলা ও নানামুখী প্রতিকূলতার মধ্যেও তিনি নেতাকর্মীদের পাশে থেকে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে গেছেন। রাজপথের প্রতিটি আন্দোলন-সংগ্রামে তাঁর উপস্থিতি ও সাংগঠনিক দক্ষতা তাঁকে স্থানীয় রাজনীতিতে সুদৃঢ় অবস্থানে নিয়ে এসেছে।

বর্তমানে তিনি টবগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে স্থানীয় রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে ব্যাপক সক্রিয় রয়েছেন। অনুসারীদের ধারণা, রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে তাঁর এই অংশগ্রহণ সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করবে।

পরিদর্শনকালে কাজল হাওলাদার বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। শারদীয় দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপিত হতে পারে, সে বিষয়ে আমরা সচেষ্ট রয়েছি। দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে আমাদের পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্য বজায় রাখতে হবে।”

স্থানীয়দের মতে, ধর্মীয় উৎসবে রাজনৈতিক নেতাদের এই সশরীর উপস্থিতি ও তদারকি সম্প্রীতির বন্ধন আরও জোরদার করবে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তার আস্থা যোগাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *