
সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলায় একশত টাকা দেনাপাওনাকে কেন্দ্র করে অর্ধশত বছরের এক আদিবাসী বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার রসুলপুর ইউনিয়নের ডাহুকা কাঁকশা আদিবাসী পল্লীতে ১৪ মে বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টার দিকে। এ ঘটনায় ওই আদিবাসী পল্লী এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা জানান, ওই পল্লীর বাসিন্দা মাদকাসক্ত সুনীল পাহান (৫০) ও প্রতিবেশী জংলু পাহানের মধ্যে একশ টাকা দেনাপাওনা নিয়ে বাকবিতন্ডা শুরু হয়। এসময় প্রতিবেশী ঘরজামাতা প্রশান্ত পাহান বাঁশের লাঠি দিয়ে সুনীল পাহানের মাথায় আঘাত করে। লাঠির আঘাতে গুরুতর আহত সুনীল পাহানকে স্থানীয় লোকজন ওই রাতেই দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার সময় পথিমধ্যে সে মারা যায়।
নিহত সুনিল পাহান ওই আদিবাসী পল্লীর মৃত বগান পাহানের ছেলে। সুত্রমতে অভিযুক্ত প্রশান্ত পাহান জেলার মান্দা উপজেলার কালাচিতা গ্রামের নিপেন পাহানের ছেলে। বিয়ের পর থেকে সে ওই গ্রামে তার শশুড় বাড়িতে ঘরজামাতা হিসেবে বসবাস করে আসছে। এ মৃত্যুর ঘটনা ছড়িয়ে পড়লে ওই পল্লীর বাসিন্দাদের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পৌঁছলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও সেখানে উত্তেজনা বিরাজ করছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান জানান, এ ঘটনার পর থেকে প্রশান্ত পাহান পলাতক রয়েছে, তাকে আটকের চেষ্টা চলছে।



