ফতুল্লায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি ও বসতবাড়িতে হামলা

ফতুল্লা প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় সংবাদ প্রকাশের জের ধরে মো. মেহেদী হাসান রাসেল (৩২) নামের এক সাংবাদিককে প্রাণনাশের হুমকি ও তাঁর বসতবাড়িতে হামলার অভিযোগ উঠেছে। সাংবাদিককে হত্যা করে লাশ বস্তায় ভরে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ (সাধারণ ডায়েরি) দায়ের করেছেন ভুক্তভোগী ওই সাংবাদিক।

শুক্রবার (২৩ অক্টোবর) ফতুল্লা মডেল থানায় এ অভিযোগ দায়ের করা হয়। ভুক্তভোগী মেহেদী হাসান রাসেল ‘সিএনএন বাংলা টিভি’র স্টাফ রিপোর্টার এবং ‘চ্যানেল এ-১’-এর নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।

অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, ফতুল্লার পিলকুনী পশ্চিম পাড়া এলাকায় জমি বেআইনিভাবে দখলের চেষ্টা চালানো হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে গত ২২ অক্টোবর দুপুরে অন্য সাংবাদিকদের সঙ্গে ঘটনাস্থলে যান রাসেল। তিনি ভিডিও ধারণ ও তথ্য সংগ্রহ করে পরবর্তীতে নিজ ফেসবুক টাইমলাইনে প্রকাশ করেন।

সংবাদ প্রকাশের পর অভিযুক্ত আজিমুল ইসলাম রানা (৩২) ও তাঁর সহযোগীরা চরম ক্ষিপ্ত হয়ে ওঠেন। অভিযোগমতে, পরবর্তী দিন ২৩ অক্টোবর দুপুরে অভিযুক্তরা পিলকুনী এলাকায় সাংবাদিক রাসেলের বসতবাড়িতে গিয়ে তাঁর পরিবারকে ভয়ভীতি প্রদর্শন করেন। ধারণকৃত ভিডিও মুছে না ফেললে রাসেলকে খুন করে লাশ বস্তাবন্দী করে বুড়িগঙ্গা নদীতে ভাসিয়ে দেওয়ার হুমকি দেন তারা।

ভুক্তভোগী সাংবাদিক রাসেল জানান, এ ঘটনার পর থেকে তিনি ও তাঁর পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। যেকোনো সময় অভিযুক্তরা তাঁর বড় ধরনের ক্ষতি বা প্রাণহানি ঘটাতে পারে বলে তিনি আশঙ্কাপ্রকাশ করেছেন।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *