মোঃ মোসলেম উদ্দিন সিরাজী, বিশেষ প্রতিনিধি সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের এনায়েতপুরে অবস্থিত খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে (কেওয়াইএইউ) চার দিনব্যাপী এক বিশেষ একাডেমিক প্রোগ্রামে অংশ নিয়েছেন মালয়েশিয়ার ‘ইউনিভার্সিটি মালয়েশিয়া পাহাং আল-সুলতান আবদুল্লাহ’ (ইউএমপিএসএ)-এর প্রখ্যাত আন্তর্জাতিক গবেষক ও শিক্ষক এসোসিয়েট প্রফেসর ড. মো. জামরি বিন ইব্রাহিম।
সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনোভেশনের (সিআরআই) উপদেষ্টা প্রফেসর ড. এন. এ. মল্লিকের সমন্বয়ে গত ১৭ অক্টোবর থেকে ২০ অক্টোবর ২০২৬ পর্যন্ত চার দিনব্যাপী এই একাডেমিক সফরের আয়োজন করা হয়। এ সফর উপলক্ষে কি-নোট লেকচার, টেকনিক্যাল ওয়ার্কশপ, ল্যাব পরিদর্শন এবং দুই বিশ্ববিদ্যালয়ের কৌশলগত অংশীদারত্ববিষয়ক একাধিক আলোচনা অনুষ্ঠিত হয়।
প্রথম দিন: সৌজন্য সাক্ষাৎ, কি-নোট লেকচার ও ক্যাম্পাস পরিদর্শন
সফরের প্রথম দিনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের (ভাইস-চ্যান্সেলর) সঙ্গে আনুষ্ঠানিক সৌজন্য সাক্ষাৎ করেন অতিথি স্কলার ড. জামরি। সকালের সেশনে তিনি ট্রাফিক ইন্টেলিজেন্স ও কানেক্টেড ভেহিক্যাল ইকোসিস্টেমে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার নিয়ে “Seeing the Road Ahead: AI-Powered Traffic Intelligence and the Rise of Connected Vehicle Ecosystems” শীর্ষক মূল প্রবন্ধ (কি-নোট অ্যাড্রেস) উপস্থাপন করেন।
অনুষ্ঠানে প্রফেসর ড. এন. এ. মল্লিক আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতা ও যৌথ ডিগ্রি প্রোগ্রামের গুরুত্ব তুলে ধরে স্বাগত বক্তব্য দেন। ধন্যবাদ ও সমাপনী বক্তব্য উপস্থাপন করেন প্রফেসর ড. মোহাম্মদ শাহেদ আকন্দ। পরবর্তীতে দুই প্রতিষ্ঠানের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা বৈঠকসহ বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি, ক্লাসরুম, লাইব্রেরি ও গবেষণা কেন্দ্রগুলো ঘুরে দেখেন ড. জামরি।
দ্বিতীয় দিন: এআই ও একাডেমিক অ্যাসেসমেন্ট বিষয়ক কর্মশালা
দ্বিতীয় দিনে “Claude Code for Research and DataScrut for Academic Assessment” শীর্ষক একটি ব্যবহারিক কর্মশালা পরিচালনা করেন ড. জামরি। এতে শিক্ষার্থীদের একাডেমিক অগ্রগতি পর্যালোচনায় ‘DataScrut’ প্ল্যাটফর্মের ব্যবহার এবং শিক্ষা কার্যক্রমে বিভিন্ন এআই টুলের (চ্যাটজিপিটি, জিরোজিপিটি, গুগল ডকস ও গুগল ফর্মস) সঠিক প্রয়োগ প্রদর্শন করা হয়। এ সময় তিনি জোর দিয়ে বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পূর্ণ গবেষণাপত্র লেখার জন্য নয়, বরং উপাত্ত বিশ্লেষণ ও আধুনিক শিক্ষাদানের সহায়ক হাতিয়ার হিসেবে ব্যবহার করা উচিত। সেশন শেষে প্রফেসর ড. ফজলে রাব্বি সাকিল আহমেদ সম্মানিত অতিথি ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
তৃতীয় ও চতুর্থ দিন: প্রাতিষ্ঠানিক সহযোগিতা ও বিদায়ী সংবর্ধনা
সফরের শেষ অংশে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয় (KYAU) এবং মালয়েশিয়ার ইউএমপিএসএ (UMPSA)-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) ও শিক্ষার্থী-শিক্ষক বিনিময় কর্মসূচি বাস্তবায়নে নির্বাহী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। সফর শেষে অতিথি স্কলারের সম্মানে এক নৈশভোজ ও বিদায় সংবর্ধনার আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেখানে ড. মো. জামরি বিন ইব্রাহিমের হাতে সম্মাননা স্মারক ও প্রশংসাপত্র তুলে দেওয়া হয়।