মুন্সীগঞ্জে বাবা-মেয়েকে চোখ উপড়ে নৃশংস হত্যা

অনলাইন ডেস্ক : মুন্সীগঞ্জের সিরাজদিখানে ছয় বছরের শিশু তোয়াবা আক্তারকে চোখ উপড়ে হত্যার পর গুরুতর আহত তার বাবা গোলাপ হোসেনেরও মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার কেরানীগঞ্জের আব্দুল্লাপুর স্বদেশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গোলাপ হোসেনের শারীরিক অবস্থার অবনতি হয়।

পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে, একইদিন সকাল ৯টার দিকে সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী গ্রামের মোল্লা ব্রিকসের পাশে একটি পরিত্যক্ত জমি থেকে তোয়াবার মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গোলাপ হোসেন লতব্দী ইউনিয়নের দোসরপাড়া গ্রামের বাসিন্দা। গতকাল বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৫টার দিকে রামকৃষ্ণদী এলাকায় একটি ইটভাটায় কাজ করছিলেন তিনি।

পরে তার বাবা জয়নাল মিয়ার সঙ্গে দেখা করে বাড়ি ফেরার পথে গোলাপ ও তার মেয়ের ওপর হামলা হয়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে গোলাপকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে শিশুটিকে চোখ উপড়ে হত্যা করে ইটভাটার পাশের একটি পরিত্যক্ত জমিতে ফেলে রাখা হয়।
শিশু তোয়াবার নানি জানান, প্রতিবেশীর সঙ্গে জমিসংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে তারা মনে করছেন।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, জমিসংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *