রাফিদুল ইসলাম, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের জামায়াতে ইসলামী সমর্থিত কাউন্সিলর প্রার্থী আব্দুল লতিফ সামাদ চৌধুরীর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় পৌরসভার সোবহানবাগ এলাকায় প্রার্থী আব্দুল লতিফ সামাদ চৌধুরীর বাসভবন প্রাঙ্গণে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
অধ্যাপক নিজাম উদ্দীনের সভাপতিত্বে এবং সাখাওয়াত হোসেনের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমীর মোহাম্মদ তাহের। তিনি উপস্থিত সর্বস্তরের ভোটারদের মাঝে কাউন্সিলর প্রার্থী আব্দুল লতিফ সামাদ চৌধুরীকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন এবং তাঁর প্রার্থিতার লক্ষ্য ও মূল বিষয়গুলো তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সীতাকুণ্ড পৌর জামায়াতের আমীর হাফেজ আলী আকবর, সহ-সেক্রেটারি অ্যাডভোকেট আশরাফুর রহমান, সাবেক উপজেলা জামায়াত আমীর মাওলানা তাওহিদুর হক চৌধুরী, ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর অধ্যাপক হেলাল উদ্দিন এবং সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মোস্তফা নূর।
এছাড়া উক্ত পরিচিতি সভায় জামায়াত নেতা হুমায়ুন কবির, ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী পেয়ার আহম্মদ পিয়ারু, হাফেজ রমজান আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা নির্বাচনী এলাকায় যোগ্য প্রার্থী নির্বাচন এবং জনগণের সঙ্গে সার্বিক যোগাযোগ সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।