জয়নাল আবেদীন রাজু ,বরগুনা জেলা প্রতিনিধ:বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের বিরুদ্ধে দায়ের করা মামলাকে ষড়যন্ত্রমূলক ও হয়রানিমূলক দাবি করে তা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টার দিকে ইউনিয়নের দক্ষিণ মনসাতলী মহাসড়কে এ কর্মসূচি পালিত হয়। গৌরীচন্না ইউনিয়নের সাধারণ জনগণের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে নারী-পুরুষসহ শতাধিক মানুষ অংশ নেন।
মুজাহিদুল ইসলাম মিলন মোল্লার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন আবু জাফর মুন্সি, রফিকুল ইসলাম ও সিরাজ মোল্লা প্রমুখ।
বক্তারা বলেন, আবুল কালাম আজাদ একজন নিবেদিতপ্রাণ সমাজসেবক। আগামীতে তিনি গৌরীচন্না ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন। তাঁর ক্রমবর্ধমান জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষের লোকজন তাঁকে মিথ্যা মামলা ও নানা উপায়ে হয়রানি করছে। এ সময় তাঁরা প্রশাসন ও জেলা বিএনপির নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে মামলাটির সুষ্ঠু তদন্ত, হয়রানি বন্ধ এবং প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৯ অক্টোবর রাত পৌনে দশটার দিকে দক্ষিণ মনসাতলী পেট্রোল পাম্পের সামনে ১৮ বছর বয়সী এক যুবক অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের হামলায় গুরুতর আহত হন। এ ঘটনায় ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থী জুলহাস আকন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় একই ওয়ার্ডের আরেক সম্ভাব্য প্রার্থী কালাম চৌকিদারসহ পাঁচজনকে আসামি করা হয়েছে।
এদিকে মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসীর দাবি, এই ঘটনার সাথে কোনো সম্পৃক্ততা না থাকলেও আবুল কালাম আজাদকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হচ্ছে। তাঁদের অভিযোগ, মামলার বাদী জুলহাস আকন আহত ব্যক্তির প্রতিবেশী হলেও তাঁর সাথে ভিকটিমের কোনো আত্মীয়তার সম্পর্ক নেই। এমনকি ভিকটিমের বাবা-মা ঘটনাটি ও মামলা দায়েরের বিষয়ে কিছুই জানেন না।
মানববন্ধন থেকে আবুল কালাম আজাদের বিরুদ্ধে দায়ের করা মামলার নিরপেক্ষ তদন্ত এবং হয়রানিমূলক কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে।