মোঃ আঃ রহমান (রানা) ,স্টাফ রিপোর্টার:নওগাঁর পত্নীতলায় বাসার বারান্দায় (বেলকনিতে) খেলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সৌউদ (৭) নামের দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার পত্নীতলা পল্লী বিদ্যুৎ-২ অফিসের পেছনের একটি তিনতলা ভবনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সৌউদ নওগাঁর মহাদেবপুর উপজেলার শহররায় গ্রামের মো. আনিসুর রহমানের ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে ওই তিনতলা ভবনের বেলকনিতে অন্য এক শিশুর সঙ্গে খেলছিল সৌউদ। খেলার একপর্যায়ে বাড়ির বিদ্যুতের মেইন লাইনের সংস্পর্শে থাকা একটি এসএস পাইপে তার হাত লেগে যায়। মুহূর্তেই সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে। ছেলেকে বিদ্যুৎস্পৃষ্ট হতে দেখে তার মা চিৎকার শুরু করেন। মায়ের আত্মচিৎকারে প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক ডা. তুলি পাল সৌউদকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নিয়ামুল হক জানান, খবর পাওয়ার পরই তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপপরিদর্শক (এসআই) উৎপলকে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।