গাজীপুরে আগুনে পুড়ে ছাই ৪৫টি বসতঘর, নিঃস্ব বহু পরিবার

অনলাইন ডেস্ক : গাজীপুরে সদর উপজেলার বানিয়ারচালা এলাকায় অগ্নিকাণ্ডে একটি বাড়ির ৪৫টি ঘর পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সুত্রে জানা গেছে, রাত সাড়ে ৮টার দিকে দলিল লেখক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের আধাপাকা বাড়িতে আগুন লাগে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। এর মধ্যেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রাজেন্দ্রপুর ও মাওনা মর্ডান ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানো শুরু করে।

আগুন নিয়ন্ত্রণে আসার আগে বাড়ির ৪৫টি বসতঘর ও ঘরের আসবাবপত্রসহ যাবতীয় মালামাল পুড়ে ছাঁই হয়ে যায়। ঘরগুলোতে বিভিন্ন কারখানার ৪০টির মত শ্রমিক পরিবার বাস করতেন। আগুনে পুড়ে সর্বস্ব পুড়ে নিঃস্ব হয়ে তাদের ঠাঁই হয়েছে খোলা আকাশের নিচে।
পুড়ে যাওয়া ঘরে সামনে আহাজারি করতে দেখা যায় রাহেলা বেগমকে।

তিনি জানান, শোকেসের ভেতর বহু কষ্টে একটু একটু করে জমানো দেড় লাখ টাকা ছিল। গ্রামে বাড়িতে থাকা ভাঙা ঘর মেরামতের জন্য ওই টাকা জমিয়ে ছিলেন। তা ছাড়া টিভি ফ্রিজ, আসবাবপত্র, জামা-কাপড়, ছেলে-মেয়েদের বই-খাতা সব পুড়ে তিনি নিঃস্ব হয়ে গেছেন। তার মতোই অবস্থা হয়েছে প্রায় সবার।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী জানান, দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *