অনলাইন ডেস্ক : চট্টগ্রামের কোতোয়ালি থানার পাশে সতীশ বাবু লেনে ছিনতাইয়ের ঘটনার মূল হোতা ও ৯ মামলার আসামি সাদ্দামকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার রাতে চট্টগ্রামের কর্ণফুলী থানার উত্তর শিকলবাহা এলাকা থেকে সাদ্দামকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ বলছে, সাদ্দামের বিরুদ্ধে আগেও ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। সে ও তার দলের সদস্যরা ছিনতাই করে জীবিকা নির্বাহ করে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগর পুলিশের মুখপাত্র সহকারী পুলিশ কমিশনার আমিনুর রশিদ এসব তথ্য জানান।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর কোতোয়ালি থানার পাশের সতীশ বাবু লেনে একটি অটোরিকশায় থাকা যাত্রীকে ছিনতাইকারীরা গতিরোধ করে ছোরার ভয় দেখিয়ে টাকা-পয়সা ছিনিয়ে নিয়ে যায়।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর ঘটনায় অভিযুক্ত ছিনতাইকারী মো. সাদ্দাম হোসেন ও তার সহযোগীরা তাদের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ করে আত্মগোপনে চলে যায়। তারা বার বার তাদের অবস্থান পরিবর্তন করতে থাকে।
সহকারী পুলিশ কমিশনার আমিনুর রশিদ জানান, ডিবির একটি টিম সোমবার রাতে কর্ণফুলী থানার উত্তর শিকলবাহা এলাকা থেকে ভাইরাল ভিডিওতে সাদা টি-শার্ট পরিহিত মূল আসামি মো. সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করেছে।
তিনি আরো বলেন, গ্রেপ্তার সাদ্দাম একজন পেশাদার ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। এর আগে ২০২৫ সালে কোতোয়ালি থানার টেরিবাজার এলাকায় একই কায়দায় এক মহিলাকে ছুরিকাঘাত করে সোনা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার হয়েছিল। আসামি জামিনে বের হয়ে আবার ছিনতাইয়ে জড়িয়ে পড়ে।
পুলিশের এই কর্মকর্তা বলেন, সাদ্দামের প্রকাশ্য কোনো জীবিকা নেই। সে এবং তার সহযোগী মাইন উদ্দিন বান্ডু ছিনতাই করে জীবিকা নির্বাহ করে।