নিজস্ব প্রতিবেদক:
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর সময়সীমা পিছিয়ে যাচ্ছে। দুটি সেফটি ভালভে ত্রুটি দেখা দেওয়ায় নির্ধারিত সময়ে পরবর্তী ধাপের পরীক্ষা-নিরীক্ষা শুরু করা যাচ্ছে না বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।
সেফটি ভালভের ত্রুটি কবে নাগাদ মেরামত হবে এবং প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ ঠিক কবে শুরু করা সম্ভব হবে—এ বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা জানাতে পারেননি মন্ত্রী।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। বিএনপি সরকারের ১৮০ দিনে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উল্লেখযোগ্য অর্জন তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে ফকির মাহবুব আনাম জানান, গত ২৮ এপ্রিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিংয়ের আগে প্রয়োজনীয় প্রস্তুতিমূলক পরীক্ষা শুরু হয়। তখন লক্ষ্য ছিল, চার থেকে ছয় মাসের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করা। বিভিন্ন ধাপে পরীক্ষা চালিয়ে ইতোমধ্যে ‘বি’ স্টেজ সম্পন্ন হয়েছে। তবে দুটি সেফটি ভালভে ত্রুটি দেখা দেওয়ায় এখন ‘সি’ স্টেজে যাওয়া সম্ভব হচ্ছে না।
রাশিয়া থেকে আসছে বিশেষজ্ঞ দল
সেফটি ভালভের ত্রুটি মেরামত ও প্রথম ইউনিটের কমিশনিং শুরুর বিষয়ে নির্দিষ্ট তারিখ দিতে পারেননি বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী। তিনি বলেন, সেফটি ভালভ কেন কাজ করছে না, তা নির্ধারণের জন্য রাশিয়া থেকে বিশেষজ্ঞ দল আসবে। তাদের পরীক্ষা-নিরীক্ষার পরই সমস্যার প্রকৃত কারণ জানা যাবে।
মন্ত্রী বলেন, “এই মুহূর্তে আমরা নির্দিষ্ট করে কিছু বলতে পারছি না।”
প্রকল্পের ডিজাইনারের মূল্যায়নের কথা উল্লেখ করে তিনি জানান, সেফটি ভালভ দুটি পুরোপুরি প্রতিস্থাপনের প্রয়োজন হতে পারে। এ ক্ষেত্রে দুটি বিকল্প বিবেচনা করা হচ্ছে।
একটি বিকল্প হলো দ্বিতীয় ইউনিটের জন্য বরাদ্দ থাকা সেফটি ভালভ প্রথম ইউনিটে স্থাপন করা। অন্যদিকে, রুশ ভেন্ডরকে দ্রুত নতুন ভালভ তৈরি করে সরবরাহের অনুরোধ জানানোর বিষয়টিও বিবেচনায় রয়েছে। দ্রুত ও সময়োপযোগী যে বিকল্পটি বাস্তবায়ন করা সম্ভব হবে, সেটিই বেছে নেওয়া হবে বলে জানান মন্ত্রী।
অব্যবহৃত ডেটার মেয়াদ বাড়ানোর আলোচনা
সংবাদ সম্মেলনে মোবাইল ডেটা প্যাকেজ নিয়েও কথা বলেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী। ডেটা প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার পরও অব্যবহৃত ডেটার মূল্য যাতে গ্রাহকেরা ব্যবহার করতে পারেন, সে বিষয়ে মোবাইল অপারেটরদের সঙ্গে আলোচনা চলছে বলে জানান তিনি।
ফকির মাহবুব আনাম বলেন, ডেটা প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার পর আরও এক থেকে দুই দিন অব্যবহৃত ডেটা ব্যবহারের সুযোগ দেওয়া যায় কি না, তা নিয়ে অপারেটরদের সঙ্গে আলোচনা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং আইসিটি বিভাগের সচিব মো. মামুনুর রশীদ ভূঞা।