ফিরোজ সরকার,দিনাজপুর প্রতিনিধি:দক্ষ যুব গড়বে দেশ—সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, যুবঋণের চেক, প্রশিক্ষণ সনদপত্র ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) সকাল ১০টায় দিনাজপুর জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জাতীয় ও যুব পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এরপর বেলুন ও ফেস্টুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে দিবসের উদ্বোধন করা হয় এবং একটি বর্ণাঢ্য যুব র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে গিয়ে শেষ হয়। এতে যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধি, প্রশিক্ষণার্থী ও আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।
র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মূসা পিপিএম। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ ফরিদুজ্জামান এবং শুভেচ্ছা বক্তব্য দেন সহকারী পরিচালক মামুন হাসান চৌধুরী। প্রতিপাদ্য বিষয়ের ওপর আলোচনা করেন যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর মোঃ মোস্তফা কামাল।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন ওয়ার্ল্ড ভিশন দিনাজপুরের সিনিয়র ম্যানেজার সেবাস্টিয়ান পিউরিফিকেশন, জেএসকেএসের নির্বাহী পরিচালক মোস্তফা কামাল, সাধনা মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ও সফল যুব সংগঠক সাবিনা ইয়াসমিন, সফল আত্মকর্মী মোঃ রেজানুর ইসলাম এবং প্রশিক্ষণার্থী মোঃ হাবিবুর রহমান ও সানজিদা স্বর্ণালী হ্যাপি। এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক এবং দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ লুৎফর রহমানসহ যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা।
আলোচনা সভা শেষে অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হিসেবে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পের আওতায় ছয়জন উপকারভোগীর মধ্যে মোট ৭ লাখ ৫ হাজার টাকার যুবঋণের চেক বিতরণ করা হয়। পাশাপাশি প্রশিক্ষণার্থীদের সনদপত্র এবং নারীদের আত্মকর্মসংস্থান ও স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টিতে সেলাই মেশিন বিতরণ করা হয়। জাতীয় যুব দিবসের এ আয়োজনের মধ্য দিয়ে যুবসমাজের দক্ষতা বৃদ্ধি, কর্মমুখী প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থানের গুরুত্ব তুলে ধরা হয় এবং প্রশিক্ষণ ও ঋণ সহায়তার মাধ্যমে বেকার যুব-যুবতীরা দেশের অর্থনৈতিক অগ্রগতিতে ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।