ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের কানাইপুরে এক ব্যবসায়ীর বাড়িতে হামলা চালিয়ে ৮০ ভরি স্বর্ণালংকার ও নগদ ২ কোটি টাকা লুটের অভিযোগে মামলা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে কোতোয়ালি থানায় দায়ের করা মামলায় ছয়জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে কানাইপুরের হোগলাকান্দি এলাকায় ব্যবসায়ী শামীম আহমেদ মুকুটের বাড়িতে হামলার ঘটনা ঘটে। সৌরভ মোল্লার নেতৃত্বে ২০ থেকে ২৫ জন সশস্ত্র ব্যক্তি আগ্নেয়াস্ত্র, লাঠিসোঁটা ও হাতুড়ি নিয়ে বাড়িতে ঢুকে তাণ্ডব চালায় বলে অভিযোগ করা হয়েছে।
এ সময় হামলাকারীরা পরিবারের সদস্যদের জিম্মি করে আলমারি ও ড্রয়ার ভেঙে সেখানে রাখা প্রায় ৮০ ভরি স্বর্ণালংকার এবং ব্যবসায়িক কাজে ব্যবহারের জন্য রাখা নগদ ২ কোটি টাকা নিয়ে যায় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
পরিবারের সদস্যদের দাবি, হামলাকারীরা আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে বাড়ির সবাইকে জিম্মি করে রাখে। পরে বাড়ির পার্কিংয়ে থাকা ব্যক্তিগত গাড়ির তালা ভাঙার চেষ্টা করলে প্রতিবেশীরা এগিয়ে আসেন। এ সময় হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
অভিযোগ রয়েছে, পালিয়ে যাওয়ার সময় হামলাকারীরা ব্যবসায়ীর মালিকানাধীন ‘কে.বি. ব্রিকস’ নামের ইটভাটায়ও যায়। সেখানে হিসাবসংক্রান্ত নথিপত্র নিয়ে যাওয়ার চেষ্টা করলেও তারা ব্যর্থ হয়।
দিনদুপুরে এমন ঘটনায় স্থানীয় বাসিন্দা ও বাজারের ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে স্থানীয়রা বিক্ষোভ মিছিলও করেছেন।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, মামলা দায়েরের পর থেকেই আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে। অভিযুক্তদের কোনো রাজনৈতিক পরিচয় রয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে। অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় আনা হবে।
এদিকে ঘটনার পর থেকে মামলার প্রধান অভিযুক্ত হিসেবে উল্লেখ করা সৌরভ মোল্লা পলাতক থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।