মধ্যপ্রাচ্যে উত্তেজনার জেরে বিশ্ববাজারে তেলের দাম ১০৭ ডলার ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও তীব্র হওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। সোমবার আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০৭ ডলার ছাড়িয়ে যায়। এতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

সংবাদমাধ্যম মিডল ইস্ট আই–এর প্রতিবেদনের তথ্য অনুযায়ী, নভেম্বর সরবরাহের ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৭ দশমিক ৫৪ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অক্টোবর সরবরাহের দাম ২ দশমিক ৩ শতাংশ বেড়ে ১০২ দশমিক ৩৪ ডলারে দাঁড়িয়েছে।

দাম বৃদ্ধির ফলে ব্রেন্ট ও ডব্লিউটিআই—দুই ধরনের অপরিশোধিত তেলের মূল্যই আবার ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে উঠে এসেছে। গত সপ্তাহে শুরু হওয়া তেলের বাজারের ঊর্ধ্বমুখী প্রবণতাও এতে আরও শক্তিশালী হয়েছে।

এদিকে তেল সরবরাহ নিয়ে আশঙ্কার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনাপ্রবাহ। ড্রোন হামলার পর সৌদি আরব একটি তেল পাইপলাইন বন্ধ করে দিয়েছে। পাশাপাশি ইরান-সমর্থিত হুথিরা বাব আল-মান্দাব প্রণালির কাছে একটি গুরুত্বপূর্ণ দ্বীপের নিয়ন্ত্রণ নিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

লোহিত সাগরের বাব আল-মান্দাব প্রণালি আন্তর্জাতিক নৌবাণিজ্য ও জাহাজ চলাচলের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। এই রুটে বড় ধরনের বাধা সৃষ্টি হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি হতে পারে।

বিশ্লেষকদের মতে, সরবরাহ ব্যবস্থা নিয়ে অনিশ্চয়তা যত বাড়বে, আন্তর্জাতিক বাজারে তেলের দামের ওপর ততই ঊর্ধ্বমুখী চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। ফলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতির দিকে এখন গভীর নজর রাখছে বিশ্ববাজার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *