শিশুকে ধর্ষণচেষ্টা: যুবকের ১০ বছরের সশ্রম কারাদণ্ড

অনলাইন ডেস্ক : ফরিদপুরের নগরকান্দায় শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় মিরাজ শেখ (৩৫) নামের এক যুবককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামিমা পারভীন এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি মিরাজ শেখ আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৮ আগস্ট দুপুর ১২টার দিকে নগরকান্দায় মিরাজ শেখের বাড়ির সামনে খেলছিল শিশুটি।

এ সময় কৌশলে তাকে নিজের ঘরে ডেকে নেন মিরাজ। সেখানে নিয়ে শিশুটির ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়।

ঘটনার পর শিশুটির বাবা বাদী হয়ে নগরকান্দা থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান মিরাজ শেখকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।

এরপর আদালতে মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্য ও অন্যান্য প্রমাণ গ্রহণ করা হয়। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ সাজা দেন।

বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী ভূঁইয়া রতন বলেন, মামলায় মিরাজ শেখের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। এ কারণে আদালত তাকে ১০ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *