ফরিদপুরে সরকারি রাস্তা কেটে ও অন্যের জমি দখল করে প্রাচীর নির্মাণ: চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর কোতোয়ালি থানার দক্ষিণ ঝিলটুলী ও পূর্ব খাবাসপুর এলাকার শেষ সীমান্তে ‘মাতুর পুকুর’ নামক স্থানে সাধারণ মানুষের চলাচলের প্রধান রাস্তা কেটে এবং অন্যের জমি দখল করে সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয় প্রভাবশালী মহলের ছত্রছায়ায় ও ক্ষমতার প্রভাবে এই অবৈধ কর্মকাণ্ড চলছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।

এতে ওই এলাকার হাজারো সাধারণ মানুষ চরম ভোগান্তি ও হয়রানির শিকার হচ্ছেন। পাশাপাশি হুমকির মুখে পড়েছে সরকারি রাষ্ট্রীয় সম্পদ ও জনপথ, যা নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছে স্থানীয় সচেতন মহল।

অনুসন্ধানে জানা যায়, ওই এলাকার একটি প্রভাবশালী চক্র স্থানীয় কিছু কর্তাব্যক্তিকে অনৈতিক সুবিধা ও ক্ষমতার প্রলোভন দেখিয়ে আইনের তোয়াক্কা না করেই এ ধরনের অপকর্ম চালিয়ে যাচ্ছে। অভিযুক্তরা রাস্তার অংশ কেটে মাটির নিচে পিলার গেড়ে নিজেদের জমির সীমানা প্রাচীর নির্মাণ করছে। এর ফলে দক্ষিণ ঝিলটুলী ও পূর্ব খাবাসপুর এলাকার মূল যাতায়াত পথ সংকুচিত ও অবরুদ্ধ হয়ে পড়েছে।

স্কুল-কলেজের শিক্ষার্থী, বয়স্ক ও রোগীসহ এলাকার সাধারণ মানুষের দৈনন্দিন চলাচল প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। জরুরি প্রয়োজনে ফায়ার সার্ভিস বা অ্যাম্বুলেন্সের মতো জরুরি সেবামূলক যানবাহনও এখন ওই এলাকায় প্রবেশ করতে পারছে না।

জনগণের চলাচলের রাস্তা দখল করে প্রাচীর নির্মাণের মতো এমন বেপরোয়া ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার বিশিষ্টজনেরা। তাদের মতে, প্রভাবশালীদের এমন কর্মকাণ্ড শুধু সাধারণ মানুষের মৌলিক অধিকার হরণ করছে না, বরং সরকারি সম্পদ ও জনস্বার্থকেও মারাত্মক হুমকির মুখে ফেলছে।

এ বিষয়ে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী ও সচেতন মহল। অবিলম্বে অবৈধ নির্মাণকাজ বন্ধ করে রাস্তা ও অন্যের দখলকৃত জমি উদ্ধার এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *