একটি সুন্দর, মানবিক, দুর্নীতিমুক্ত ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে আত্মপ্রকাশ করেছে সামাজিক আন্দোলন সংগঠন ‘গ্রিন ফোর্স বাংলাদেশ’। রাষ্ট্রের পাশাপাশি সমাজের প্রতিটি মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত সামাজিক সচেতনতা ও মানবিক কর্মকাণ্ড ছড়িয়ে দিতে কাজ করছে সংগঠনটি।
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মিকায়েল রহমানের নেতৃত্বে গ্রিন ফোর্স বাংলাদেশ দেশের প্রতিটি বিভাগ, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে তাদের সাংগঠনিক নেটওয়ার্ক ও সামাজিক কার্যক্রম বিস্তার করার উদ্যোগ নিয়েছে। সংগঠনের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকদের সমন্বিত প্রচেষ্টায় সাধারণ মানুষের মধ্যে ঘুষ, দুর্নীতি, মাদক, সামাজিক অবক্ষয় এবং সব ধরনের অনিয়মের বিরুদ্ধে শক্তিশালী সচেতনতা গড়ে তোলাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।
গ্রিন ফোর্স বাংলাদেশের কর্মকাণ্ডের মূল ভিত্তি হলো আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন, মানবাধিকারের সুরক্ষা, সামাজিক দায়বদ্ধতা, সত্য ও ন্যায়ের চর্চা এবং মানুষের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করা। সংগঠনটি স্পষ্ট করেছে যে, তারা রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সরকারি প্রতিষ্ঠানের কোনো বিকল্প নয়; বরং সম্পূর্ণ আইনসম্মত ও শান্তিপূর্ণ উপায়ে সামাজিক আন্দোলন গড়ে তোলার মাধ্যমে সরকারি উদ্যোগগুলোকে সার্বিকভাবে সহযোগিতা করতে চায়।