অনলাইন ডেস্ক : দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো অভিযান চালানোর পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে নতুন করে কোনো বিশেষ যৌথ বাহিনী গঠনের পরিকল্পনাও সরকারের নেই বলে জানান তিনি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন সদর দপ্তরের ‘শুভারম্ভ ফলক’ উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ বলেন, সারা দেশে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে বিশেষ কোনো যৌথ বাহিনী গঠনের পরিকল্পনা সরকারের নেই। একইভাবে অতীতে পরিচালিত ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো অভিযান পরিচালনার চিন্তাভাবনাও করা হচ্ছে না।
তিনি বলেন, নতুন কোনো বাহিনী গঠনের বিষয়ে সরকারের পক্ষ থেকে প্রকাশ্যে কোনো ঘোষণা দেওয়া হয়নি। তবে দেশব্যাপী অপরাধ দমন ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বয়ে চলমান যৌথ অভিযান আরও জোরদার করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত এবং দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ, আনসারসহ সংশ্লিষ্ট সব বাহিনীকে সমন্বিতভাবে আরও সক্রিয় ও তৎপর থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।