(সুমন কুমার ঘোষ) নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর পোরশায় চিকিৎসকের পরিবর্তে অজ্ঞাত ব্যক্তি দিয়ে সিজারিয়ান অপারেশন পরিচালনা ও চিকিৎসার চরম অবহেলায় নবজাতকের মৃত্যুর ঘটনায় “আল-মদিনা ল্যাব এন্ড হাসপাতাল”-এর মালিক মোঃ আহসান হাবিব (৩১)-কে গ্রেফতার করেছে পোরশা থানা পুলিশ।
জানা যায়, গত ১০ জুলাই ২০২৬ তারিখ বিকেলে পোরশা উপজেলার বিষ্ণুপুর গ্রামের মোঃ আমিন তার প্রসববেদনা ওঠা স্ত্রী খাদিজা খাতুনকে নিরাপদ চিকিৎসার প্রত্যাশায় উক্ত হাসপাতালে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মোসাঃ শারমিন আক্তার রোগীকে পরীক্ষা-নিরীক্ষা করে সিজারিয়ান অপারেশনের পরামর্শ দিলে পরিবারটি তাতে সম্মতি জানায় এবং প্রয়োজনীয় খরচ পরিশোধ করে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ পরিবারটিকে অন্ধকারে রেখে ডাঃ শারমিন আক্তারের পরিবর্তে সম্পূর্ণ অজ্ঞাত এক ব্যক্তিকে দিয়ে অস্ত্রোপচার সম্পন্ন করায়।
অপারেশনের পর মা ও নবজাতকের শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটলে হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে এবং পরবর্তীতে শিশুটিকে নওগাঁ সদর হাসপাতালে রেফার্ড করে। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে পরদিন ১১ জুলাই সকালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।
এই প্রতারণামূলক ঘটনার পর ভুক্তভোগী পরিবার আদালতের শরণাপন্ন হলে নওগাঁর পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম তদন্ত সাপেক্ষে দোষীদের গ্রেফতারের নির্দেশ দেন। নির্দেশনার আলোকে পোরশা থানা পুলিশ অভিযান চালিয়ে সরাইগাছী এলাকা থেকে এজাহারনামীয় আসামি ও হাসপাতাল মালিক আহসান হাবিবকে গ্রেফতার করে। ঘটনায় জড়িত অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।