পটুয়াখালীতে গর্ভবতী নারীকে মারধর, প্রধান অভিযুক্ত গ্রেফতা

উৎপল ঘোষ ক্রাইম রিপোর্টার: পটুয়াখালীর কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর, গর্ভের সন্তানের মৃত্যু এবং পরিবারের সদস্যদের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি মোঃ সোহাগ সিকদার (২৮)-কে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮।

গত ১৩ অক্টোবর ২০২৬ তারিখ রাতে বরিশাল জেলার বাকেরগঞ্জ থানাধীন রঙ্গশ্রী এলাকা থেকে এসআরবি-৮, সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প) ও সদর কোম্পানি বরিশালের একটি যৌথ আভিযানিক দল তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সোহাগ কলাপাড়া উপজেলার চাকামইয়া গ্রামের মোঃ ফোরকান সিকদারের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখ অভিযুক্তরা দেশীয় অস্ত্র, লোহার রড ও ইট দিয়ে ভিকটিম মোছাঃ তানিয়া বেগম ও তাঁর স্বামীকে বেধড়ক মারধর করে গুরুতর আহত করে। এ সময় তাঁদের কাছ থেকে নগদ ১ লাখ ৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় এবং ভিকটিমকে প্রায় দুই ঘণ্টা আটকে রাখা হয়। হামলায় গুরুতর আহত সাত মাসের গর্ভবতী নারী কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গর্ভপাতের শিকার হন। পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

ঘটনার পর থেকে পলাতক থাকা প্রধান অভিযুক্ত সোহাগ সিকদারকে গ্রেফতারের পর পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বরিশাল জেলার বাকেরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *