মহাদেবপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ৯

সুমন কুমার ঘোষ, নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুর উপজেলার রণাইল নিচপাড়া গ্রামে জায়গা-জমির বিরোধের জেরে উভয় পক্ষের সংঘর্ষে আনিছুর রহমান (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের আরও ৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ৬ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

ঘটনাটি ঘটে গত বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১টার দিকে রণাইল নিচপাড়া গ্রামে। সংঘর্ষে গুরুতর আহত আনিছুর রহমানকে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওসমান গনি নামে একজনকে আটক করেছে মহাদেবপুর থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, রণাইল মৌজায় প্রায় ১০ বিঘা জমি নিয়ে আনিছুর রহমান গংয়ের সঙ্গে তাদের শরিক একই গ্রামের মৃত লছিম উদ্দীনের ছেলে নজরুল গংয়ের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। স্থানীয় মাতব্বরদের শালিস-দরবারের মাধ্যমে আনিছুর রহমান গংদের প্রায় ৭ বিঘা জমি বুঝিয়ে দিলে তারা সেখানে ধানের চারা রোপণ ও পরিচর্যা করছিলেন। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে ওই জমিতে কীটনাশক ছিটিয়ে ফেরার সময় নজরুল ইসলামের নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ২০ থেকে ২৫ জনের একটি দল তাদের ওপর হামলা চালায়। এতে উভয় পক্ষের সংঘর্ষে মোট ৯ জন আহত হন। আনিছুর রহমানের মৃত্যুর খবর শুনে হাসপাতালে চিকিৎসাধীন থাকা প্রতিপক্ষের নজরুল ইসলাম পালিয়ে যান।

আহতদের মধ্যে মহাদেবপুর উপজেলার রণাইল নিচপাড়া গ্রামের নিহত আনিছুর রহমানের ছেলে শাহাজাহান (৩০), মৃত ইয়াদ আলীর ছেলে আব্দুল মতিন (৪০), মৃত আব্দুল হামিদের ছেলে আবুল কালাম আজাদ (৫৩), আবুল কালামের ছেলে আব্দুল আলিম (২৪), মৃত আব্দুস সামাদের ছেলে জাহিদুল ইসলাম (৩৯) এবং অপর পক্ষের ইলিয়াস (৩৫)-কে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া অপর পক্ষের রেজাউল ইসলাম (৬৫) ও জুয়েল (২৮) মহাদেবপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আটক ওসমান গনি রণাইল গ্রামের মৃত ওয়াহেদ আলী মন্ডলের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অভিযোগে একজনকে আটক করা হয়েছে এবং থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *