যশোরে আটটি ককটেলসদৃশ বোমা উদ্ধার

উৎপল ঘোষ, ক্রাইম রিপোর্টার: যশোর শহরের শংকরপুর এলাকা থেকে আটটি ককটেলসদৃশ বোমা উদ্ধার করেছে র‍্যাব-৬ (সিপিসি-৩) যশোর ক্যাম্পের একটি অভিযানিক দল।

শুক্রবার (১৬ অক্টোবর) রাত আনুমানিক ১টার দিকে শংকরপুর বালির মাঠে বিশেষ অভিযান চালিয়ে এসব বোমা উদ্ধার করা হয়।

পুলিশ ও র‍্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজনের উপস্থিতিতে ওই এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় আটটি ককটেলসদৃশ বোমা জব্দ করা হয়।

উদ্ধার করা বোমাগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

র‍্যাব-৬, সিপিসি-৩ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. নাঈম উল হক জানান, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ টহল, চেকপোস্ট ও অভিযান জোরদার করা হয়েছে। অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *