মুসলিম বিশ্বে ‘মোহাম্মদ’ নামের ব্যাপক জনপ্রিয়তা নিয়ে ট্রাম্পের ঠাট্টা-বিদ্রুপ

অনলাইন ডেস্ক : মুসলিমবিশ্বে ‘মোহাম্মদ’ নামের ব্যাপক প্রচলন নিয়ে ঠাট্টা-বিদ্রুপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার জর্জিয়া অঙ্গরাজ্যের ডালটনে এক নির্বাচনী সমাবেশে ইরানের প্রেসিডেন্ট পদ নিয়ে সমালোচনা করতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সমাবেশে ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যের কারো নাম নিয়ে সন্দেহ হলে শুধু ‘মোহাম্মদ’ বলে ডাকুন। ঠিক হওয়ার সম্ভাবনা প্রায় ৬৫ শতাংশ। বহু বছর ধরে আমি এভাবে বলে আসছি। কখনো ভুল হয়নি।

জর্জিয়ার ডালটন মিউনিসিপ্যাল বিমানবন্দরের একটি হ্যাঙ্গারে আয়োজিত ওই সমাবেশে ট্রাম্প ইরান প্রসঙ্গে বলেন, ইরানই একমাত্র দেশ, যেখানে কেউ প্রেসিডেন্ট হতে চায় না। এরপর তিনি কয়েকজন ‘মোহাম্মদ’ নামের ব্যক্তিকে কাল্পনিকভাবে প্রেসিডেন্ট হওয়ার প্রস্তাব দিয়ে ঠাট্টা-বিদ্রুপ করেন। কারণ ২০২৪ সাল থেকে ইরানের প্রেসিডেন্টের দায়িত্বে রয়েছেন মাসুদ পেজেশকিয়ান।

মুসলিমদের মধ্যে ‘মোহাম্মদ’ অন্যতম প্রচলিত পুরুষের নাম। ইসলামের প্রবর্তক মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর নাম অনুসারে অনেক মুসলিম পরিবার তাদের ছেলের নাম এ নামে রাখে।

আগামী ৩ নভেম্বর দেশটির মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে রিপাবলিকান প্রার্থীদের পক্ষে প্রচারের অংশ হিসেবে ট্রাম্প জর্জিয়ায় ওই সমাবেশে বক্তব্য দেন। তবে ট্রাম্পের এই ঠাট্টায় সমাবেশে উপস্থিত জনতা তেমন সাড়া দেননি। বরং ট্রাম্পের এ বক্তব্যের সমালোচনা করে আসছেন অধিকারকর্মী ও মুসলিম অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন।

তাদের অভিযোগ, ট্রাম্পের বক্তব্যে মুসলিম, অভিবাসী ও জাতিগত সংখ্যালঘুদের নেতিবাচকভাবে উপস্থাপন করা হয় এবং তাদের নিয়ে ঠাট্টা-বিদ্রুপ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *