যশোরে ১৮টি স্বর্ণের বারসহ আটক ১, মোটরসাইকেল জব্দ

উৎপল ঘোষ, ক্রাইম রিপোর্টার : যশোরের শার্শায় ১৮টি স্বর্ণের বারসহ আলাউদ্দীন (৫২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা এসব স্বর্ণের বার ওজন ২ কেজি ৯০ গ্রাম, যা প্রায় ১৮০ ভরি। এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি সুজুকি মোটরসাইকেল জব্দ করা হয়।

আজ বুধবার (২১ অক্টোবর ২০২৬) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দক্ষিণ বুরুজবাগান গ্রামের প্রাইম ব্রিকস ইটভাটা সংলগ্ন নাভারণ-সাতক্ষীরাগামী পাকা সড়কে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত আলাউদ্দীন শার্শা থানার হাড়িখালী (যদুনাথপুর) গ্রামের মৃত গোলাম রসুলের ছেলে।

শার্শা থানা পুলিশ আয়োজিত প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, নিয়মিত চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফ হোসেনের নেতৃত্বে অভিযানে অংশ নেন শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক ও উপপরিদর্শক (এসআই) শেখ জাহিদুল আলমসহ পুলিশের একটি চৌকস দল।

পুলিশ জানায়, অভিযানকালে সন্দেহভাজন হিসেবে আলাউদ্দীনকে থামানো হলে তাঁর সঙ্গে থাকা আরও দুজন অজ্ঞাতনামা ব্যক্তি কৌশলে পালিয়ে যান। পরে তাঁর হেফাজতে থাকা ১৮টি স্বর্ণের বার ও মোটরসাইকেলটি জব্দ করা হয়।

এ ঘটনায় শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে নিয়মিত চোরাচালান মামলা রুজু করে তাঁকে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া পলাতক অপর দুই ব্যক্তির পরিচয় শনাক্ত ও তাঁদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *