মোঃ মোসলেম উদ্দিন সিরাজী, (বিশেষ প্রতিনিধি): দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় সিরাজগঞ্জের শাহজাদপুরে বন্যায় নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহ মঞ্জুরীর অর্থ বিতরণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ৭০টি পরিবারের মাঝে গৃহনির্মাণের জন্য দুই বান্ডিল করে ঢেউটিন ও ৬ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক হস্তান্তর করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত (এমপি)।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সহধর্মিণী স্থপতি ড. ফাহমিদা মুহিত, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফরিদুল ইসলাম এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেন হিরু, সাধারণ সম্পাদক মোঃ আরিফুজ্জামান আরিফ, পৌর বিএনপির সাবেক সভাপতি ইমদাদুল হক নওশাদ, সাবেক সিনিয়র সহ-সভাপতি ও গাড়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল জব্বার, পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব রেজাউল ইসলাম রাজা এবং উপজেলা বিএনপির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক ও শাহজাদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আল আমিন হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।