আবু সাইদ : ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ডালিয়া আক্তার (৪৫) হত্যাকাণ্ডের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চুরির উদ্দেশ্যে বাসায় প্রবেশ করে ধরা পড়ার আশঙ্কায় তাঁকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রবিবার (২৫ অক্টোবর ২০২৬) সকাল ১১টায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) তরিকুল ইসলাম।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মুন্সিগঞ্জের সিরাজদিখান থানার চান্দেরচর এলাকার মো. আশিক (২৩), চর গুলাগুলিয়া এলাকার মো. আলমগীর হোসেন (৩৬) এবং মধ্যপাড়া এলাকার মো. অনিক (১৯)।
নিহত ডালিয়া আক্তার বাস্তা ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি ছিলেন। পাশাপাশি তিনি চর বাঘাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ জানায়, গত ২৩ অক্টোবর শুক্রবার সকাল ৬টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর রসুলপুর এলাকার মনোয়ারা প্লাজার তৃতীয় তলার নিজ ফ্ল্যাট থেকে ডালিয়া আক্তারের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, চুরির উদ্দেশ্যে গ্রেপ্তার ব্যক্তিরা ডালিয়া আক্তারের বাসায় ঢুকেছিলেন। এ সময় চিনে ফেলার কারণে ধরা পড়ে যাওয়ার আশঙ্কায় তাঁকে ছুরিকাঘাত ও গলা কেটে হত্যা করা হয়।
চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ জানিয়েছে।