মহাদেবপুরে ৩ প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ৮০ হাজার, আটক ২

সুমন কুমার ঘোষ, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে লাইসেন্সবিহীন তিনটি বেসরকারি চিকিৎসাসেবা প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে র‌্যাব ও ভ্রাম্যমাণ আদালত। অভিযানে দুটি প্রতিষ্ঠানের মালিককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং তিনটি প্রতিষ্ঠানকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল সোমবার (২৬ অক্টোবর) বিকেলে র‌্যাব-৫ রাজশাহী ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ অভিযানের বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে রোববার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলার সদর ও কুঞ্জবন এলাকায় পৃথক এ অভিযান পরিচালিত হয়।

আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাঈম বিনতে আজিজ।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব-৫ (সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্প)-এর একটি গোয়েন্দা দল গত কয়েকদিন ধরে মহাদেবপুর উপজেলার বিভিন্ন হাসপাতাল ও চিকিৎসাসেবা প্রতিষ্ঠানের লাইসেন্সসংক্রান্ত তথ্য অনুসন্ধান করে। অনুসন্ধানে ৩টি প্রতিষ্ঠানের কোনো বৈধ লাইসেন্স না থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়: ১. ফাতেমা হোমিও হল: কুঞ্জবন এলাকায় লাইসেন্স ছাড়া রোগী দেখা ও ওষুধ বিক্রির অভিযোগে মালিক মো. ফারুক হোসেনকে (৩২) এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি কুঞ্জবন এলাকার মকবুল ইসলামের ছেলে। ২. স্পেশালাইজড সেন্টার ফর ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন: লেচুবাগান এলাকায় অবস্থিত এই প্রতিষ্ঠানের লাইসেন্স না থাকায় মালিক মো. মাসুম আলীকে (২৮) এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি মহাদেবপুরের মো. সৈয়দ আলীর ছেলে। ৩. ফাইভ স্টার মেডিকেল সেন্টার: একই এলাকায় লাইসেন্স না থাকায় প্রতিষ্ঠানটির মালিক মো. বেদারুল ইসলামকে (৫৫) ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি মান্দা উপজেলার কুশল এলাকার মৃত জেহের আলীর ছেলে।

তাদের প্রত্যেকের বিরুদ্ধে মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০-এর ২৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে। আরোপিত জরিমানা মোট ৮০ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

জনস্বাস্থ্য সুরক্ষা এবং অবৈধ চিকিৎসাসেবা প্রতিষ্ঠানের দৌরাত্ম্য বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *