ভোলা প্রতিনিধি: ভোলার দুলারহাট থানায় বিশেষ অভিযান চালিয়ে দুই কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ মো. ফারুক (৪৬) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
গত ২৬ অক্টোবর (সোমবার) ভোর ৫:৫৫ মিনিটের দিকে দুলারহাট থানার নীলকমল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ঘোষের হাট লঞ্চঘাট পন্টুনের সামনের পাকা রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. ফারুক ভোলা জেলার লালমোহন থানার গজারিয়া ৬ নম্বর ওয়ার্ডের আব্দুল মুনাফের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ভোলা জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. আবু ইউসুফের নেতৃত্বে ডিবির একটি চৌকস টিম এই অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে ঘোষের হাট লঞ্চঘাট এলাকা থেকে ফারুককে আটক করা হয় এবং তার নিকট থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় আসামির বিরুদ্ধে দুলারহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।