জামাল উদ্দিন,ক্রইম রিপোর্টার : আক্কেলপুরে ‘তৌহিদী জনতা’র ব্যানারে স্থানীয় কিছু লোক ও মাদ্রাসাছাত্রদের বাধার মুখে হেযবুত তাওহীদের একটি জনসচেতনতামূলক উঠান বৈঠক স্থগিত করা হয়েছে। একই সাথে ঘটনাটির সংবাদ সংগ্রহ করতে গিয়ে উপস্থিত সাংবাদিকদের হেনস্তার চেষ্টা ও গালমন্দ করার অভিযোগ উঠেছে।
বুধবার (২৮ অক্টোবর) বিকেল তিনটায় জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালী ইউনিয়নের উপর শিয়ালা গ্রামে সাবেক ইউপি সদস্য মাহমুদার বাড়িতে এই বৈঠকের আয়োজন করা হয়েছিল। উগ্রবাদ, জঙ্গিবাদ ও মব সন্ত্রাসের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে হেযবুত তাওহীদ বৈঠকটির ডাক দেয়। তবে নির্ধারিত সময়ের আগেই স্থানীয় মসজিদ-মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা সেখানে জড়ো হয়ে সংগঠনটির বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শেষ পর্যন্ত বৈঠকটি স্থগিত হয়ে যায়।
সংবাদ সংগ্রহের সময় উপস্থিত সাংবাদিকেরা হেযবুত তাওহীদ বাংলাদেশে নিষিদ্ধ কি না তা জানতে চাইলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান সেখানে থাকা ব্যক্তিরা। তারা সাংবাদিকদের ‘হলুদ মিডিয়া’ ও ‘হেযবুত তাওহীদের দালাল’ আখ্যা দিয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। খবর পেয়ে আক্কেলপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) স্বপন ঘটনাস্থলে পৌঁছে পরিবেশ শান্ত করার চেষ্টা করেন।
অনুষ্ঠানের আয়োজক মাহমুদা বেগম বলেন, সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে তিনি বৈঠকটির জায়গা দিয়েছিলেন। কিন্তু কর্মসূচির আগেই স্থানীয় কিছু লোক জড়ো হয়ে হেযবুত তাওহীদ কর্মীদের ‘কাফের’ ও ‘নাস্তিক’ বলে গালমন্দ করে বৈঠকটি পণ্ড করে দেয়। তিনি সাংবাদিকদের সাথে এমন অসদাচরণের তীব্র প্রতিবাদ জানান।
হেযবুত তাওহীদের জয়পুরহাট জেলা সভাপতি মাসুদ রানা অভিযোগ করেন, একটি নির্দিষ্ট গোষ্ঠী দীর্ঘদিন ধরে দেশের প্রচলিত আইন মেনে চালানো তাদের কর্মসূচিতে বাধা দিচ্ছে। সরকার তাদের নিষিদ্ধ করেনি উল্লেখ করে তিনি বলেন, জনগণের সামনে নিজেদের বক্তব্য তুলে ধরার সুযোগ সবারই থাকা উচিত।
এদিকে আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী মাসুদ জানান, বিষয়টি জানার সাথে সাথেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সেখানে অবস্থান নেয়।