অনলাইন ডেস্ক : বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষ হয়।
এরপর স্বজনরা তাহসিফের মরদেহ নিয়ে উত্তরার বাসার উদ্দেশে রওনা হন। মর্গের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তাহসিফের বাবা এনায়েতুল করিম হেলাল বলেছেন, ‘সুইসাইড তো করেই নাই, সে তো সারা দিন তার মায়ের সঙ্গে ছিল, শপিং করছে, হ্যাপি মুডে ছিল।’
তিনি বলেন, ‘সে বাংলাদেশের একজন সম্পদ, পাইলট ছিল। সরকার তদন্ত করলে প্রকৃত অপরাধীদের বের করতে পারবে—কোন চক্র, কারা, কি উদ্দেশ্যে খুন করেছে।
তাহসিফের বাবা আরো বলেন, ‘মাকে বলেছিল, আমি নিচ থেকে একটু কথা বলে আসছি। এই বলে বাসা থেকে বের হয়, এটাই ছিল তার শেষ কথা। পরে রাত ১টা ৩৫ মিনিটে একটি মেসেজ পাঠায়। সেখানে বলেছিল, আসতেছি। এরপর থেকে আর তাকে পাওয়া যায়নি।
তিনি বলেন, ‘২৭ তারিখ মাঝরাতের পর থেকে তার ট্রেস পাচ্ছিলাম না। আমরা যথাযথ স্থান, থানায় যোগাযোগ করেছি, পাইনি। সন্ধ্যার দিকে উত্তরখান থানা থেকে ফোন করে জানিয়েছে, লাশ পাওয়া গেছে তুরাগ নদী থেকে। দীপ নামে এক বন্ধুর সঙ্গে দেখা করার কথা বলে বের হয়।
পরবর্তীতে তাহসিফের পরিবার দীপের সঙ্গে যোগাযোগ করেছিল। কিন্তু দীপ জানিয়েছেন, তিনি কিছু জানেন না।
সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান সহকারী অধ্যাপক ডা. নাশাত জাবীন সাংবাদিকদের জানিয়েছেন, লিভার, কিডনি, পাকস্থলী, ব্লাডসহ প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ডিএনএ প্রোফাইল নমুনা সংগ্রহ করা হয়েছে। এসব রিপোর্ট পাওয়ার পর মৃতের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।