রুবেল রানা, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ফলাফলে বিরোধী দলের জনপ্রিয়তায় ধস নেমেছে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ ফরহাদ হোসেন আজাদ।
শনিবার সকালে ঠাকুরগাঁওয়ের টাঙ্গন ব্যারেজে আয়োজিত মাছ ধরা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী বলেন, বিএনপি সরকার আট মাসে কী করেছে আর কী করেনি, তা ঠাকুরগাঁওয়ের মানুষ মূল্যায়ন করেছেন। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দেশের জন্য কী করছে, সেটিও জনগণ দেখছে। অন্যদিকে, যারা আজ বিক্ষোভের ডাক দিয়েছে, তারাই বিভিন্ন সময়ে লংমার্চ ও সড়কযাত্রা করেছে। তবে উপনির্বাচনের ফলাফলে জনগণ তাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে।
তিনি আরও বলেন, নির্বাচনে বিএনপির প্রার্থী প্রায় ১ লাখ ৩০ হাজার ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। অন্যদিকে, বিরোধী দলের প্রার্থী পেয়েছেন তুলনামূলকভাবে অনেক কম ভোট। এ ফলাফল প্রমাণ করে, অতীতে বিরোধী দলের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে জনগণের মধ্যে তাদের জনপ্রিয়তা কমেছে।
প্রতিমন্ত্রী বলেন, সরকার দেশব্যাপী খাল ও নদী খননের উদ্যোগ নিয়েছে। প্রধানমন্ত্রী নিজেই এসব কাজ তদারকি করছেন। কোথাও কোনো অনিয়ম পাওয়া গেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
পরে টাঙন ব্যারেজের তিনটি জলকপাট খুলে দেওয়া হয়। এতে স্থানীয় জেলে ও সাধারণ মানুষ মাছ ধরা উৎসবে মেতে ওঠেন। এ সময় জেলা প্রশাসক রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কৃষ্ণকমল সরকারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।