কিশোরগঞ্জে যুব উন্নয়ন পরিষদের উদ্যোগে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপিত

হাকীম মোঃ রফিকুল ইসলাম, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত ১ নভেম্বর ২০২৬ তারিখ রোববার কিশোরগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উদযাপনের লক্ষ্যে ‘যুব উন্নয়ন পরিষদ’ কিশোরগঞ্জ-এর উদ্যোগে আলোচনা সভা, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়।

সকালে জেলা সদরের মহিনন্দ ইউনিয়নে যুব উন্নয়ন পরিষদ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যুব উন্নয়ন পরিষদের সভাপতি আমিনুল হক সাদীর সভাপতিত্বে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক বাবুল। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পাঠাগারের সাধারণ সম্পাদক রিয়াদ হোসাইন, যুব উন্নয়ন পরিষদের সদস্য মাহবুব আলম, প্রশিক্ষিত যুবক রাফি, মাসুম বিল্লাহ ও মুহিবুল্লাহসহ আরও অনেকে। অনুষ্ঠানটিতে সার্বিক সহযোগিতা প্রদান করে মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদ ও পাঠাগার।

আলোচনা সভা শেষে যুব উন্নয়ন পরিষদের সদস্যরা জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালিতে অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক বিশিষ্ট লেখক মুহাম্মদ রফিকুল ইসলাম শামীম, সহকারী পরিচালক আলাউদ্দিন, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম এবং সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা কামাল হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা।

উল্লেখ্য, যুব সংগঠক আমিনুল হক সাদী কর্তৃক ২০১০ সালে প্রতিষ্ঠিত ‘যুব উন্নয়ন পরিষদ’ শুরু থেকেই বেকার যুব ও যুব নারীদের প্রশিক্ষণ পরিচালনা, নেতৃত্ব বিকাশ, কর্মসংস্থান তৈরি এবং শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠার মাধ্যমে প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে। পাশাপাশি সংগঠনটির পরিচালনায় শিশু-কিশোর ও তরুণদের জ্ঞানচর্চার জন্য রয়েছে ৫ হাজার বই সমৃদ্ধ একটি আধুনিক পাঠাগার। যুব কল্যাণ ও সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ আমিনুল হক সাদী ইতিপূর্বে তিনবার জেলা প্রশাসন থেকে শ্রেষ্ঠ যুব সংগঠক নির্বাচিত হয়েছেন এবং এবারও তিনি জেলা পর্যায় থেকে শ্রেষ্ঠ সংগঠক হিসেবে মনোনীত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *