দাম্পত্য জীবনে ভালোবাসা বাড়ায় হালাল বিনোদন

অনলাইন ডেস্ক : ইসলাম মানুষের স্বাভাবিক আনন্দ-উচ্ছ্বাস ও বৈধ বিনোদনের বিরোধী নয়। বরং ইসলাম চায় মানুষের পারিবারিক জীবন ভালোবাসা, মায়া-মমতা ও প্রশান্তিতে পরিপূর্ণ হোক।

ইসলামের দৃষ্টিতেও স্বামী-স্ত্রীর সম্পর্ক শুধু দায়িত্ব পালন কিংবা সাংসারিক প্রয়োজন মেটানোর মধ্যে সীমাবদ্ধ নয়; পরস্পরকে আনন্দ দেওয়া, হাসিখুশিতে সময় কাটানো এবং ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটানোও দাম্পত্য জীবনের গুরুত্বপূর্ণ অংশ। তবে এই আনন্দ উদ‌যাপনের ক্ষেত্রেও ইসলামের কিছু নীতিমালা ও শালীনতার সীমারেখা রয়েছে।
নিম্নে এ বিষয়ে সংক্ষেপে আলোচনা করা হলো—

দাম্পত্য জীবনে আনন্দের স্বীকৃতি : পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, ‘আর তাঁর নিদর্শনাবলির মধ্যে রয়েছে যে তিনি তোমাদের জন্য তোমাদের থেকেই স্ত্রীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও। আর তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন।

নিশ্চয় এর মধ্যে নিদর্শনাবলি রয়েছে সে কওমের জন্য, যারা চিন্তা করে। (সুরা : রুম, আয়াত : ২১)

এই আয়াত থেকে বোঝা যায়, দাম্পত্য জীবনের অন্যতম উদ্দেশ্য হলো পারস্পরিক দয়া ও ভালোবাসা। পরস্পরের সঙ্গে কাটানো আনন্দময় সময়গুলো, যা মজবুত করতে সহযোগিতা করে। আমাদের প্রিয় নবী (সা.)-ও তাঁর সাহাবিদের স্ত্রীকে আনন্দ দেওয়ার ব্যাপারে উৎসাহ দিয়েছেন।

হজরত জাবির (রা.) বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সা.) তাঁকে বিয়েসংশ্লিষ্ট বিষয়ে আলোচনার সময় বলেছিলেন, ‘তুমি কুমারী মেয়ে বিয়ে করলে না? যার সঙ্গে খেলা-কৌতুক করতে আর সেও তোমার সঙ্গে খেলা-কৌতুক করত।’ (বুখারি, হাদিস : ৫০৭৯)
এই হাদিসে স্বামী-স্ত্রীর পারস্পরিক আনন্দ ও ঘনিষ্ঠতার বিষয়টি স্পষ্টভাবে উঠে এসেছে। আমাদের প্রিয় নবীজি (সা.) নিজেও তাঁর স্ত্রীদের মাঝে মাঝে বিনোদন দিতেন। আয়েশা (রা.) থেকে বর্ণিত, তিনি এক সফরে নবী (সা.)-এর সঙ্গে ছিলেন। তিনি বলেন, আমি তাঁর সঙ্গে দৌড় প্রতিযোগিতা করে তাঁর আগে চলে গেলাম।

অতঃপর আমি মোটা হয়ে যাওয়ার পর তাঁর সঙ্গে আবারও দৌড় প্রতিযোগিতা করলাম, এবার তিনি আমাকে পিছে ফেলে দিলেন, বিজয়ী হলেন। তিনি বলেন, এই বিজয় সেই বিজয়ের বদলা।
(আবু দাউদ, হাদিস ২৫৭৮)

বৈধ আনন্দের নামে অবৈধ কাজ নয় : স্ত্রীকে আনন্দিত করা একটি ভালো কাজ; কিন্তু সেই উদ্দেশ্যে বেপর্দা হওয়া, পরপুরুষের সামনে সৌন্দর্য প্রদর্শন করা, অশালীনতা ছড়ানো কিংবা অন্যের মনে কুপ্রবৃত্তি জাগিয়ে তোলার মতো কাজ করা বৈধ হতে পারে না।

মহান আল্লাহ মুমিন পুরুষদের দৃষ্টি সংযত রাখতে এবং লজ্জাস্থানের হেফাজত করতে নির্দেশ দিয়েছেন। একইভাবে মুমিন নারীদেরও দৃষ্টি সংযত রাখতে ও লজ্জাস্থানের হেফাজত করতে বলেছেন। ইরশাদ হয়েছে, মুমিন পুরুষদেরকে বলো, তারা তাদের দৃষ্টিকে সংযত রাখবে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করবে। এটাই তাদের জন্য অধিক পবিত্র। নিশ্চয় তারা যা করে সে সম্পর্কে আল্লাহ সম্যক অবহিত। আর মুমিন নারীদের বলো, যেন তারা তাদের দৃষ্টিকে সংযত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। (সুরা : নুর, আয়াত : ৩০-৩১)

অন্য আয়াতে আল্লাহ তাআলা আরো বলেন, আর তোমরা ব্যভিচারের কাছে যেয়ো না, নিশ্চয় তা অশ্লীল কাজ ও মন্দ পথ। (সুরা : বনি ইসরাঈল, আয়াত : ৩২)

এখানে লক্ষণীয়, আল্লাহ শুধু ব্যভিচার করতে নিষেধ করেননি; বরং এর কাছাকাছি নিয়ে যায় এমন পথ থেকেও দূরে থাকতে বলেছেন। কিন্তু দুঃখের বিষয় হলো, এখন শরয়ি বিধি-বিধান মেনে চলতে আগ্রহীদের মধ্যেও কেউ কেউ না বুঝে হালাল বিনোদনের নামে ইসলামবিরোধী বিনোদনে জড়িয়ে পড়ছে।

সামাজিক মাধ্যমে ‘হালাল বিনোদন’ কতটা হালাল? বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে একধরনের প্রবণতা লক্ষ করা যাচ্ছে। কেউ কেউ স্ত্রীকে আনন্দ দেওয়ার নামে বিভিন্ন ভিডিও তৈরি করছেন, দাম্পত্য জীবনের ব্যক্তিগত মুহূর্ত প্রকাশ করছেন কিংবা স্ত্রীকে সাজিয়ে-গুছিয়ে ক্যামেরার সামনে উপস্থাপন করছেন। অনেকে মনে করছেন, বোরকা, হাত মোজা, পা মোজা ব্যবহার করলে এগুলো ‘হালাল বিনোদন’ হয়ে যায়, অথচ বাস্তবতা ভিন্ন।

এখানে একটি বিষয় মনে রাখা জরুরি, কোনো কাজকে হালাল নাম দিলেই তা হালাল হয়ে যায় না। কাজটির ধরন, পরিবেশ, উপস্থাপনা ও পরিণতি শরিয়তের আলোকে বিবেচনা করতে হবে।

স্বামী-স্ত্রীর ব্যক্তিগত আনন্দের বিষয়গুলো ব্যক্তিগত পরিসরেই সীমাবদ্ধ থাকা উচিত। দাম্পত্য জীবনের অন্তরঙ্গতা জনসমক্ষে প্রকাশ করা, স্ত্রীর সৌন্দর্য এমনভাবে উপস্থাপন করা, যাতে পরপুরুষের দৃষ্টি আকৃষ্ট হয়, কিংবা দর্শকদের মধ্যে অশালীন চিন্তা ও কৌতূহল সৃষ্টি হয়—এসব কাজ থেকে বিরত থাকা জরুরি।

পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, ‘আর তোমরা নিজগৃহে অবস্থান করবে এবং প্রাক-জাহেলি যুগের মতো সৌন্দর্য প্রদর্শন কোরো না।’ (সুরা : আহজাব, আয়াত : ৩৩)

এ আয়াতের নির্দেশনা থেকে নারীর সৌন্দর্য প্রদর্শনের ব্যাপারে ইসলামের সতর্ক অবস্থান স্পষ্ট হয়। বিশেষত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ও ভিডিও প্রকাশের ক্ষেত্রে এর বিধান ও পরিণতি বিবেচনা করা প্রয়োজন।

স্বামীর দায়িত্ব শুধু আনন্দ দেওয়া নয় : স্ত্রীকে আনন্দিত করার পাশাপাশি তাঁর সম্মান, পর্দা ও দ্বিনি মূল্যবোধ রক্ষা করাও স্বামীর দায়িত্ব। একজন স্বামী কখনোই নিজের স্ত্রীকে এমন কাজে উৎসাহিত করতে পারেন না, যার মাধ্যমে তিনি নিজে বা অন্য কেউ গুনাহের দিকে ধাবিত হন। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, ‘হে ঈমানদারগণ, তোমরা নিজেদের ও তোমাদের পরিবার-পরিজনকে আগুন থেকে বাঁচাও। (সুরা : তাহরিম, আয়াত : ৬)

অতএব স্ত্রীকে আনন্দ দেওয়ার নামে এমন কোনো কাজ করা উচিত নয়, যা তাঁকে কিংবা অন্য কাউকে আল্লাহর অবাধ্যতার দিকে নিয়ে যায়।

একজন মুসলিম স্বামী তাঁর স্ত্রীকে নিয়ে ঘুরতে যেতে পারেন, একসঙ্গে খাবার খেতে পারেন, উপহার দিতে পারেন, হাসিঠাট্টা করতে পারেন, খেলাধুলা করতে পারেন এবং ঘরের মধ্যে আনন্দঘন পরিবেশ তৈরি করতে পারেন। তবে খেয়াল রাখতে হবে, সেখানে যেন ইসলামবহির্ভূত কিছুর অনুপ্রবেশ না ঘটে। মহান আল্লাহ প্রত্যেকের পরিবারে শান্তি দান করুন। আমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *