স্টাফ রিপোর্টার: তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা এবং মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. নাজিম উদ্দিন লাভলু। ইউনিয়নের বিভিন্ন এলাকার উদীয়মান ক্রীড়াপ্রেমী তরুণদের মাঝে ব্যাডমিন্টন খেলার সামগ্রী ও জার্সি উপহার দিয়েছেন তিনি।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে তরুণ খেলোয়াড়দের হাতে এসব ক্রীড়া সামগ্রী ও জার্সি তুলে দেন নাজিম উদ্দিন লাভলু। এ সময় তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ ও উৎসাহ দেখে তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
নাজিম উদ্দিন লাভলু বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতেও সহায়তা করে।
এদিকে ক্রীড়া সামগ্রী ও জার্সি উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয় তরুণ খেলোয়াড়রা। তারা জানান, এ ধরনের উদ্যোগ তরুণদের খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তুলবে। ভবিষ্যতেও এমন সহযোগিতা অব্যাহত থাকবে বলে তারা প্রত্যাশা করেন।
উল্লেখ্য, মো. নাজিম উদ্দিন লাভলু বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে এলাকায় বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন।