অনলাইন ডেস্ক : ২০১৮ সালের আলোচিত ‘স্যান্ডপেপার গেট’ বা বল টেম্পারিং কেলেঙ্কারি নিয়ে আবার ভালোই বিপাকে পড়েছে অস্ট্রেলিয়া। দীর্ঘসময় পর ফের সাবেক ক্রিকেটারের উসমান খাজার এক মন্তব্যে ফের আলোচনার খোরাক যোাগায়। বিতর্কিত এই বিষয়টি নিয়ে শেষতক মুখ খুললেন দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটার এবি ডি ভিলিয়ার্স।
তিনি দাবি করেছেন, ২০১৮ সালের বিতর্কিত টেস্ট সিরিজের প্রথম ম্যাচ থেকেই অস্ট্রেলিয়া বল টেম্পারিং (বল বিকৃতি) করেছিল।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নিজের ইউটিউব চ্যানেল ‘এবিডি৩৬০’ -তে এই মন্তব্য করেনে তিনি। কেপটাউনে অনুষ্ঠিত তৃতীয় টেস্টে সিরিশ কাগজ (স্যান্ডপেপার) ব্যবহার করে বল বিকৃতির ঘটনায় অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ, সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার এবং ব্যাটার ক্যামেরন ব্যানক্রফট দীর্ঘমেয়াদী নিষেধাজ্ঞার মুখে পড়েছিলেন।
অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটার উসমান খাজা, যার নতুন আত্মজীবনী এই কেলেঙ্কারি নিয়ে নতুন করে আলোচনা শুরু করেছে, এর আগে দাবি করেছিলেন, কেপটাউনের আগের টেস্টে—অর্থাৎ গকেবেরহাতে (তৎকালীন পোর্ট এলিজাবেথ)—সিরিশ কাগজ ব্যবহার করা হয়েছিল। ওয়ার্নার এবং ব্যানক্রফট দুজনেই সেই ম্যাচের বিষয়ে খাজার দাবির সত্যতা স্বীকার করেছেন। তবে ডি ভিলিয়ার্স এবার দাবি করলেন, ডারবানে সিরিজের উদ্বোধনী টেস্টেই বল বিকৃতি করা হয়েছিল।
নিজের ইউটিউব চ্যানেল ‘এবিডি৩৬০’ -তে ডি ভিলিয়ার্স বলেন, ‘প্রসঙ্গত, এটি পোর্ট এলিজাবেথে নয়, ডারবানেই শুরু হয়েছিল। মানুষ আমার এই বক্তব্য উদ্ধৃত করলে আমি খুবই খুশি হব।’ আমি দেখছি সবাই একরকম স্বীকার করে নিচ্ছে যে পোর্ট এলিজাবেথেও এটি ঘটেছিল। আমি নিশ্চিতভাবে বলতে পারি, প্রথম টেস্টে ডারবানেও এর ব্যতিক্রম কিছু ছিল না। ফুটেজগুলো গিয়ে দেখুন। আমার মনে এ নিয়ে কোনো সন্দেহই নেই বলে যোগ করেন তিনি।
ভিলিয়ার্স বলেন, ‘ডারবানে প্রথম টেস্ট ম্যাচটি আমরা হেরেছিলাম, যেখানে খুব অদ্ভুত সময়ে বল রিভার্স সুইং করছিল। কিংসমিডে কারো জন্যই এত তাড়াতাড়ি বল রিভার্স করানো সম্ভব নয়। বিশ্বাস করুন, আমি ওখানে অনেক ক্রিকেট খেলেছি।’ ‘তাই তারা সেখানে যাই করে থাকুক—শিরীষ কাগজ হোক বা নখ—তাতে আমার কিছু যায় আসে না। আসল কথা হলো তারা ধরা পড়েছে এবং সবাই বিষয়টি জানত। শুধু সামনে এসে বলুন ‘আমরা ভুল করেছিলাম’। তারা মিথ্যা বলার কারণে এখন অনেক কিছু ঝুঁকির মুখে পড়েছে।’
‘বিশেষ করে বোলাররা সব জানত, কারণ বল এমনি এমনি রিভার্স করে না। অস্ট্রেলিয়ার হয়ে ওটা আপনাদের প্রথম টেস্ট ম্যাচ ছিল না। তাই শুধু সামনে এসে বলুন, ‘বন্ধুরা, আমরা ভুল করেছিলাম’।’
গত সপ্তাহে ৪হাজার শব্দের একটি নিবন্ধে ব্যানক্রফট বলেছিলেন, ডারবানে সিরিশ কাগজ ব্যবহার করা হয়নি। সেই ম্যাচে বাঁহাতি পেসার মিচেল স্টার্ক ১০৯ রানে ৯ উইকেট নিয়ে সিরিজে অস্ট্রেলিয়াকে একমাত্র জয় এনে দিয়েছিলেন।
ওই তিন টেস্টে অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণে থাকা খেলোয়াড় এবং তৎকালীন প্রধান কোচ ড্যারেন লেম্যানও শুরু থেকেই সিরিজে বল টেম্পারিং সম্পর্কে কোনো কিছু জানার কথা অস্বীকার করে আসছেন। সেই বোলিং আক্রমণের অংশ থাকা বর্তমান টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স চলতি মাসের শুরুতে এক সংবাদ সম্মেলনে খাজার দাবিকে ‘১০০ ভাগ ভুল’ এবং ‘সম্পূর্ণ বাজে কথা’ বলে অভিহিত করেছেন। কেলেঙ্কারির সাথে জড়িত খেলোয়াড় ও স্টাফদের স্বেচ্ছায় নিজেদের বক্তব্য জানানোর জন্য ক্রিকেট অস্ট্রেলিয়া একটি স্বাধীন ‘ফোরাম’ চালু করেছে, তবে এটি কোনো পূর্ণাঙ্গ তদন্ত নয় এবং এতে নতুন কোনো শাস্তির বিধান থাকছে না।
সিরিজের প্রতিটি ম্যাচে খেলা এবং সিরিজ শেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া ডি ভিলিয়ার্স আরো বলেন, ‘জড়িত সবার জন্য বিষয়টি এখন সত্যিই ব্যক্তিগত হয়ে দাঁড়িয়েছে এবং তাদের প্রতি আমার সহানুভূতি আছে। অবশ্যই সেদিন যা ঘটেছিল এবং তার আগে আরও কত ম্যাচে কী ঘটেছে কে জানে—সেসবের প্রতি আমার কোনো সহানুভূতি নেই।’ আমার শুধু মনে হয় তাদের দলগতভাবে একসাথে থাকা উচিত ছিল। তারা কয়েকজনকে বলির পাঁঠা বানিয়েছে এবং আট বছর পর আবার এমন একটি পরিস্থিতির উদ্ভব ঘটিয়েছে বলে যোগ করেন তিনি।
খেলোয়াড়ি জীবনে আমি নিজেও ধোয়া তুলসীপাতা ছিলেন না বলে স্বীকার ডি ভিলিয়ার্স বলেন, তবে বল নিয়ে কাজ করার সময় তাঁর দল খেলার নিয়মের মধ্যেই থাকত।
তিনি বলেন, ‘আমি পুরোপুরি নির্দোষ সাজার চেষ্টা করছি না বা বলছি না যে আমি নিখুঁত মানুষ। আমরা সবাই বল রিভার্স করানোর চেষ্টা করি। বাউন্স করানোর চেষ্টা করি। আমরা বৈধ উপায়ে তা করার চেষ্টা করি এবং নিয়মের সীমার মধ্যে থেকেই সর্বোচ্চ সুবিধা নেওয়ার চেষ্টা করি।’ ‘বছরের পর বছর ধরে আমরা সবাই বল থেকে বাড়তি কিছু আদায় করার বা সুবিধা নেওয়ার চেষ্টা করেছি, তবে অবশ্যই মাঠে কোনো বস্তু নিয়ে গিয়ে নির্লজ্জভাবে প্রতারণা করার মতো বোকামি করিনি।’
এ বিষয়ে মন্তব্যের জন্য ক্রিকেট অস্ট্রেলিয়ার সাথে যোগাযোগ করা হয়েছে।