কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে এলাকায় অবদান রাখা এলবিয়নের প্রতিষ্ঠাতা নিজাম উদ্দিনের মৃত্যু

রাফিদুল ইসলাম, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুণ্ডে কর্মসংস্থান সৃষ্টিকারী ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এলবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. নিজাম উদ্দিনের মৃত্যুতে সীতাকুণ্ড প্রেস ক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর ৫টার দিকে চট্টগ্রামের সিএসসিআর প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি সীতাকুণ্ড উপজেলার ৪ নম্বর মুরাদপুর ইউনিয়নের দক্ষিণ রহমত নগর গ্রামের সিরাজ ভূঁইয়া বাড়ির বাসিন্দা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মো. নিজাম উদ্দিন দক্ষিণ রহমত নগরের অজয় পাড়া গ্রামে এলবিয়ন ল্যাবরেটরিজ নামে ওষুধ কারখানাটি প্রতিষ্ঠা করেন। নিজ উদ্যোগে গড়ে তোলা এ প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি এলাকার বিপুলসংখ্যক বেকার তরুণ-তরুণীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেন। স্থানীয়দের দাবি, তাঁর প্রতিষ্ঠিত কারখানায় এলাকার প্রায় ৮০ শতাংশ বেকার তরুণ-তরুণীর কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছিল। ফলে স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।

তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির আলাউদ্দিন সিকদার, সেক্রেটারি আব্দুল জব্বার ও সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিক চৌধুরী; সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ মো. ফোরকান আবু ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী।

এছাড়া শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম উত্তর জেলা ক্রেতা সুরক্ষা আন্দোলন (সিআরবি) সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও সীতাকুণ্ড উপজেলা জামায়াত সাবেক আমির মাওলানা তাওহীদুল হক চৌধুরী; উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি আশাফুর রহমান; বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
পৃথক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও আত্মীয়স্বজনের প্রতি গভীর সমবেদনা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *