শীতকালে কাশি ও শ্বাসকষ্টে সতর্ক থাকুন, বাড়তে পারে নিউমোনিয়ার ঝুঁকি

অনলাইন ডেস্ক : শীত এলেই অনেকের সর্দি-কাশি ও জ্বরের সমস্যা দেখা দেয়। বেশির ভাগ ক্ষেত্রে এসব উপসর্গ সাধারণ সংক্রমণের কারণে হলেও কখনো কখনো তা নিউমোনিয়ারও সংকেত হতে পারে।

বিশেষ করে কাশির সঙ্গে শ্বাসকষ্ট, বুকে ব্যথা বা অতিরিক্ত দুর্বলতা দেখা দিলে সতর্ক হওয়া জরুরি। চিকিৎসকদের মতে, শুরুতেই নিউমোনিয়ার লক্ষণ শনাক্ত করে চিকিৎসা নেওয়া গেলে গুরুতর জটিলতা ও হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি কমানো সম্ভব। ভারতে প্রতিবছর কমিউনিটিতে সংক্রমিত নিউমোনিয়ার প্রায় ৪০ লাখ রোগী শনাক্ত হন, যা বিশ্বে এ ধরনের সংক্রমণের প্রায় এক-চতুর্থাংশ। এসব রোগীর প্রায় পাঁচজনের একজনকে হাসপাতালে ভর্তি হতে হয়। পাঁচ বছরের কম বয়সী শিশুদের মধ্যেও নিউমোনিয়া ও সংশ্লিষ্ট শ্বাসতন্ত্রের সংক্রমণে প্রতিবছর এক লাখের বেশি শিশুর মৃত্যু হয়।

হিন্দুস্তান টাইমসের স্বাস্থ্যবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, শীতের সময় বায়ুদূষণ, তাপমাত্রা কমে যাওয়া এবং ঘরের ভেতরে মানুষের বেশি সময় কাটানোর কারণে শ্বাসতন্ত্রের সংক্রমণের ঝুঁকি বাড়ে। বাতাসে থাকা সূক্ষ্ম ধূলিকণা শ্বাসনালিতে প্রদাহ তৈরি করে এবং ফুসফুসের জীবাণু দূর করার স্বাভাবিক ক্ষমতা দুর্বল করে দিতে পারে।

আকাশ হেলথকেয়ারের ইন্টারনাল মেডিসিন বিভাগের পরিচালক চিকিৎসক অমিত বাজওয়ার মতে, তাপমাত্রা কমে গেলে মানুষ ঘরের ভেতরে বেশি সময় কাটান। অপর্যাপ্ত বাতাস চলাচলের কারণে ঘরের মধ্যে শ্বাসতন্ত্রের ভাইরাস সহজে ছড়িয়ে পড়তে পারে। ফলে সাধারণ ভাইরাসজনিত সংক্রমণ থেকেও নিউমোনিয়া হওয়ার আশঙ্কা থাকে।
কাশি কখন উদ্বেগের কারণ

নিউমোনিয়ার শুরুতে সব সময় গুরুতর উপসর্গ দেখা যায় না। দীর্ঘস্থায়ী কাশি, হালকা জ্বর ও ক্লান্তিকে অনেকে আবহাওয়ার পরিবর্তনের স্বাভাবিক সমস্যা মনে করেন। ফলে চিকিৎসকের কাছে যেতে দেরি হয়।

অনেকে আদা চা, গরম পানির ভাপ কিংবা আগের অসুস্থতার জন্য রেখে দেওয়া অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন। কিন্তু চিকিৎসকের পরামর্শ ছাড়া এসবের ওপর নির্ভর করলে রোগ শনাক্ত ও চিকিৎসা শুরুতে দেরি হতে পারে।

চিকিৎসকদের মতে, সংক্রমণ বাড়তে থাকলে ফুসফুসের আরও গভীরে ছড়িয়ে পড়তে পারে। এতে রক্তে অক্সিজেনের মাত্রা কমে যেতে পারে এবং রোগীকে অক্সিজেন দেওয়া বা হাসপাতালে ভর্তি করার প্রয়োজন হতে পারে।

যেসব লক্ষণ দেখলে সতর্ক হবেন

কাশির পাশাপাশি কয়েকটি উপসর্গ দেখা দিলে নিউমোনিয়ার আশঙ্কা বিবেচনায় নিয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। যেমন—

জ্বরের সঙ্গে শ্বাসকষ্ট হওয়া।

শ্বাস নেওয়া বা কাশির সময় বুকে ব্যথা অনুভব করা।

বিশ্রামের সময়ও দ্রুত শ্বাস নেওয়া।

দীর্ঘদিন কাশি ও অস্বাভাবিক ক্লান্তি থাকা।

বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে অস্বাভাবিক দুর্বলতা, বিভ্রান্তি কিংবা ক্ষুধামন্দাও নিউমোনিয়ার লক্ষণ হতে পারে। অন্যদিকে, শিশুদের দ্রুত শ্বাস নেওয়া, খাবার খেতে না চাওয়া কিংবা শ্বাস নেওয়ার সময় বুকের নিচের অংশ ভেতরের দিকে দেবে যাওয়া বিপদের সংকেত।

এসব লক্ষণ দেখা দিলে ঘরোয়া চিকিৎসার ওপর নির্ভর না করে দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে। প্রয়োজন অনুযায়ী বুকের এক্স-রে এবং রক্তে অক্সিজেনের মাত্রা পরীক্ষা করে রোগ শনাক্ত করা হয়।

যাঁদের নিউমোনিয়ার ঝুঁকি বেশি

শিশু, বয়স্ক ব্যক্তি, ধূমপায়ী এবং ডায়াবেটিস, হাঁপানি কিংবা হৃদ্‌রোগে আক্রান্ত ব্যক্তিদের নিউমোনিয়ার ঝুঁকি তুলনামূলক বেশি। অন্তঃসত্ত্বা নারীদেরও এ বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। গর্ভাবস্থায় শরীরের রোগ প্রতিরোধব্যবস্থায় পরিবর্তন আসে এবং ফুসফুসের প্রসারণের জায়গাও সীমিত হতে পারে।

বিশেষ করে পঞ্চাশ ও ষাটের কোঠার পুরুষদের মধ্যে অনেকে শ্বাসকষ্ট তীব্র না হওয়া পর্যন্ত চিকিৎসকের কাছে যেতে চান না। তাঁদের ক্ষেত্রে ডায়াবেটিস কিংবা দীর্ঘদিনের ধূমপানের অভ্যাস থাকলে বাড়তি সতর্কতা প্রয়োজন।

নিউমোনিয়া প্রতিরোধে যা করবেন

নিউমোনিয়ার ঝুঁকি কমাতে কয়েকটি বিষয়ে সচেতন থাকা জরুরি। চিকিৎসকদের মতে, ইনফ্লুয়েঞ্জা ও নিউমোকক্কাল টিকা গুরুতর সংক্রমণের ঝুঁকি কমাতে সাহায্য করে। বিশেষ করে বয়স্ক ব্যক্তি ও দীর্ঘমেয়াদি রোগে আক্রান্তদের জন্য এসব টিকা গুরুত্বপূর্ণ। তবে টিকা নেওয়ার বিষয়ে চিকিৎসকের পরামর্শ মেনে চলতে হবে।

চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক খাওয়া উচিত নয়। কারণ, ভুলভাবে অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে রোগ শনাক্তে দেরি হতে পারে এবং জীবাণুর ওষুধ প্রতিরোধী হয়ে ওঠার ঝুঁকি বাড়ে।

এ ছাড়া বায়ুদূষণ বেশি থাকলে বাইরে বের হওয়ার সময় ভালোভাবে মুখে বসে এমন এন৯৫ মাস্ক ব্যবহার করা, দূষিত দিনে ভোরে বাইরে ব্যায়াম এড়িয়ে চলা এবং ঘরের ভেতরে ধোঁয়া তৈরি হয় এমন কাজ কমানো উচিত। সম্ভব হলে শোবার ঘরে বায়ু পরিশোধক যন্ত্র ব্যবহার করা যেতে পারে। পাশাপাশি পর্যাপ্ত পানি পান ও পুষ্টিকর খাবার খাওয়াও জরুরি।

কাশিকে অবহেলা নয়

নিউমোনিয়ার ঝুঁকি, লক্ষণ ও চিকিৎসাপদ্ধতি সম্পর্কে চিকিৎসাবিজ্ঞানে যথেষ্ট তথ্য রয়েছে। তবে সময়মতো রোগ শনাক্ত করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সাধারণ কাশি মনে করে দীর্ঘদিন উপসর্গ অবহেলা না করে প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

বেশির ভাগ কাশিই গুরুতর নয়। তবে কাশির সঙ্গে শ্বাসকষ্ট, বুকে ব্যথা, জ্বর কিংবা অস্বাভাবিক দুর্বলতা দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *